দুই বছর আগে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ে নিদারুণ পরিণতি বরণ করতে হয়েছিল বাংলাদেশকে। সময়ের কাটা বদলে সময় এসেছে নিজেদেরকে আরেকবার জাহির করার। সৌদি আরবে হতে যাওয়া ২০২৬ আসরের বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। তাতে ‘সি’ গ্রুপে জায়গা হয়েছে বাংলাদেশের।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে আজ এই ড্র অনুষ্ঠিত হয়। এশিয়ার ৪৪টি দলকে ভাগ করা হয় ১১টি গ্রুপে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী হয়েছে ভিয়েতনাম, ইয়েমেন ও সিঙ্গাপুর। এই গ্রুপের খেলাগুলো অনুষ্ঠিত হবে ২০১৮ সালের রানার্স আপ দেশ ভিয়েতনামে। সবগুলো ম্যাচই হবে ভিয়েত ত্রি স্টেডিয়ামে।
১৬ দেশ নিয়ে আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ। স্বাগতিক হওয়ায় এতে সরাসরি খেলবে সৌদি আরব। বাকি ১৫ দেশের মধ্যে ১১ গ্রুপের চ্যাম্পিয়ন দেশ সরাসরি সুযোগ পাবে। আর সেরা ৪ গ্রুপ রানার্স আপ দেশ যোগ হবে এই ১২টি দেশের সঙ্গে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত হবে বাছাইপর্বের খেলা।
গত আসরের বাছাইয়ে মালয়েশিয়ার কাছে ২-০, থাইল্যান্ডের কাছে ৩-০ এবং ফিলিপাইনের কাছে ১-০ গোলে হেরে গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় দল। এবার প্রথম ম্যাচে ভিয়েতনাম, দ্বিতীয়টিতে সিঙ্গাপুর ও শেষ ম্যাচে ইয়েমেনের মুখোমুখি হবে বাংলাদেশ।