মহেশপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পদ্ম-পুকুর সরকারি ডিগ্রী কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের সক্রিয় কর্মী ও আসন্ন কলেজ কমিটির সভাপতি প্রার্থী সাইদুর রহমান (১৯) নামে একজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরের দিকে মহেশপুর উপজেলার সরিষাঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত সাইদুর একই উপজেলার শ্যামকুঁড় গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং তিনি সরকারি পদ্ম-পুকুর ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

পুলিশ জানায়, সাইদুর  বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে মহেশপুর শহরের দিকে যাচ্ছিলেন। সরিষাঘাটা এলাকায় পৌঁছালে একটি ‘লাটা হাম্বা’ (ইঞ্জিনচালিত স্থানীয় যানবাহন) ওভারটেক করার সময় সেটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। সাইদুরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পদ্ম-পুকুর সরকারী ডিগ্রী কলেজসহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। 

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় সাইদুর নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।