যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজাহারকে বেকসুর খালাসের প্রতিবাদে চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে হামলার ঘটনায় গ্রেপ্তার এক আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৯ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক তাদের জামিন মঞ্জুর করেন।
এর আগে গতকাল বুধবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ‘অ্যান্টি শাহবাগ মুভমেন্ট’ নামের একটি সংগঠন গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ কর্মসূচিতে হামলা চালায়। হামলার পর মোহাম্মদ ওবায়দুর রহমান (২৪) নামে এক যুবককে আটক করে পুলিশ। পরে তাকে কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওবায়দুরকে আদালতে হাজির করে পুলিশ।
ওবায়দুর চট্টগ্রামের আনোয়ারা উপজেলার দক্ষিণ ইছাখালী হাজী আজাহার মিয়ার বাড়ির আব্দুস সোবহানের ছেলে। সূত্র জানায়, রাষ্ট্র ও আসামিপক্ষের উপস্থাপিত বক্তব্য শুনানি শেষে ওবায়দুর রহমানের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।