ঝড়ো হাওয়া ও প্রবল জোয়ারের তোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামের আনোয়ারা উপকূলে উঠে গেছে দুটি জাহাজ। বৃহস্পতিবার রাতে আনোয়ারা উপজেলার গহিরা উঠান মাঝির ঘাট এলাকায় জাহাজ দুটি আটকা পড়ে।
শুক্রবার বেলা ১১টার দিকে কোস্টগার্ড সাঙ্গু স্টেশনের সদস্যরা জাহাজ দুটির নিয়ন্ত্রণ নেয়। সকাল থেকেই উপকূলে উঠে আসা জাহাজ দেখতে উৎসুক জনতার ভিড় পড়ে।
নাভিমার-৩ ও মারমেইড-৩ নামের জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরের জলসীমায় নোঙর করা ছিল। এর মধ্যে মারমেইড-৩ হলো বার্জ, নাভিমার-৩ ট্যগবোটের সাহায্যে এটি আনা -নেওয়া করা হয়।
জাহাজের ওয়াচম্যান মিসকাতুর রহমান বলেন,সাগরে উত্তাল ঢেউয়ের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজ দুটি উপকূলে আটকা পড়ে।
জানা গেছে, প্রায় দুই বছর আগে চট্টগ্রামের বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্টের নির্মাণ কাজের জন্য এই বার্জে করে ভারত থেকে বড় পাথর নিয়ে আসা হয়েছিল। কিন্তু মালিকপক্ষ জাহাজের জ্বালানি সরবরাহ করলেও কোনো বিল দেয়নি। এ নিয়ে মামলাও হয়েছে। যার ফলে জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরের জলসীমায় নোঙর করা অবস্থায় পড়ে ছিল।
কোস্টগার্ড সাঙ্গু স্টেশনের সিসি অনিমেষ রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লোকজনকে সরিয়ে দিয়ে জাহাজের নিরাপত্তার দায়িত্ব নেওয়া হয়।