দশ মাসে জিয়া স্মৃতি জাদুঘরের বরাদ্দ দ্বিগুণ করা হয়েছে: সংস্কৃতি উপদেষ্টা

চট্টগ্রামে জিয়া স্মৃতি জাদুঘরের গত ১০ মাসে দ্বিগুণ বরাদ্দ দেওয়া হয়েছে জানিয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, আগে এখানে যে বরাদ্দ ছিল সেটা একেবারে নগণ্য ছিল। এখন আরও অনেক বাড়াতে হবে। এখন অনেকগুলো কিউরেশনের কাজ আছে। এসব নিয়ে পরিকল্পনা হচ্ছে। আপনারা ৬-৭ মাসের মধ্যে এর ফলাফল দেখতে পাবেন।

শুক্রবার (৩০ মে) বিকালে চট্টগ্রামের কাজীর দেউড়ি জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, আমাদের সময় খুব কম, কিন্তু কাজ অনেক বেশি। এটা একটা কঠিন অবস্থা। আমরা কখন ঘুমাই সেটাও জানি না।

এর আগে বিকাল ৪টায় জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শনে যান উপদেষ্টা। তিনি সেখানে জাদুঘরের সবকিছু ঘুরে দেখেন। এসময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সায়মা ফেরদৌসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপদেষ্টার সঙ্গে ছিলেন।

এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ এসময় সাংবাদিকদের বলেন, বাংলাদেশের ইতিহাসে যারা বাঁক পরিবর্তন করেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদের একজন। আমরা তাকে দলের ঊর্ধ্বে রেখে জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করতে চাই। অন্তর্বর্তী সরকারও সেটাই করছে।