সুনামগঞ্জের তাহিরপুরে নীলাদ্রি লেকপাড় এলাকায় টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী একটি হাউজবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যার দিকে ঘটে যাওয়া এই ঘটনায় হতাহতের কোনো খবর না মিললেও হাউজবোটটির বড় অংশ আগুনে পুড়ে গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ‘রাহাবার’ নামের হাউজবোটটিতে ১২ জন পর্যটক ছিলেন। টাঙ্গুয়ার হাওর ঘুরে এসে তাঁরা রাতে থাকার উদ্দেশ্যে হাউজবোটটি নীলাদ্রিতে নোঙর করেন। সন্ধ্যার দিকে মোবাইল চার্জার থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং হাউজবোটটির প্রায় ৮০ শতাংশ অংশ দগ্ধ হয়।
আগুন লাগার পরপরই হাউজবোটে থাকা পর্যটকেরা নিরাপদে বেরিয়ে আসেন। পাশের অন্যান্য হাউজবোট দ্রুত নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও দাহ্য বস্তু বেশি থাকায় আগুন নেভানো সম্ভব হয়নি।
ঘটনাটি নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, “ঘটনাস্থলে আমাদের একটি দল পাঠানো হয়েছে। কোনো হতাহতের খবর নেই। তবে নৌকাটির প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে।”