সারা দেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। তাকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করতে গতকাল শুক্রবার দিনব্যাপী আলোচনা সভা, দোয়া মাহফিল, ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষ বিতরণ, বইমেলা, দুঃস্থদের মধ্যে খাবার বিতরণসহ নানা কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। আমাদের নিজস্ব প্রতিবেদক, জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর :
রাজশাহী : গতকাল সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীর শাহমখদুম দরগা শরীফের সামনে দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।
বগুড়া : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের নির্দেশনায় বগুড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল ১০টায় শহরের দত্তবাড়ীতে জিয়াউর রহমান শিশু হাসপাতালে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে ড্যাবের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প বসে। অনুষ্ঠানে ডা. জোবাইদা রহমানের পরামর্শমূলক পুস্তিকা বিতরণ করা হয়।
টাঙ্গাইল : সকালে জেলা বিএনপির উদ্যোগে প্রেস ক্লাবের সামনে আলোচনা সভা ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ ছাড়া এদিন শহরের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
গোপালগঞ্জ : দুপুর ১২টায় শহরের পৌর মার্কেটের বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক যুবদল সভাপতি আজিজুর রহমানসহ অনেকে।
জামালপুর : সকালে জেলা যুবদলের আয়োজনে পৌরশহরের দেওয়ানপাড়া এলাকায় দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ, ফ্রি রক্তদান কর্মসূচি ও বৃক্ষ বিতরণ করা হয়েছে। জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
পঞ্চগড় : সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এদিন জিয়া স্মৃতি পাঠাগারের আয়োজনে দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী : বিকেলে শহরের আজাদী ময়দানসংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব কামরুল আলম, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু ও পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন মিয়া। এ সময় জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান প্রমুখ উপস্থিত ছিলেন।
নোয়াখালী : সকাল ১০টায় নোয়াখালী আইনজীবী সমিতি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য গোলাম হায়দার, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএম জাকারিয়া। আলোচনা সভা শেষে গণভোজের আয়োজন করা হয়। এতে নোয়াখালী জেলার সব উপজেলার সর্বস্তরের নেতাকর্মী ও মাদ্রাসার ছাত্ররা অংশ নেন।
কালিয়াকৈর (গাজীপুর) : সকালে উপজেলার লতিফপুর এলাকায় দোয়া মাহফিল ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান। দোয়া মাহফিল শেষে দুই হাজার অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে লুঙ্গি ও শাড়ি বিতরণ করা হয়।
বারদী (সোনারগাঁ) : দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী বাজার মার্কাস জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বারদী বাজার মার্কাস জামে মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী, বারদী ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুস সাত্তারসহ অনেকে উপস্থিত ছিলেন।
গজারিয়া (মুন্সীগঞ্জ) : সকালে উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : গতকাল বিকেলে খড়মপুর কল্লা শহীদ মাজার প্রাঙ্গণে ভাসমান ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আখাউড়া উপজেলা বিএনপির নেতাকর্মীরা ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা, আড়াইহাজারে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ এবং সোনারগাঁওয়ে নিম্নআয়ের মানুষের মধ্যে খাবার ও ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।