অন্তঃসত্ত্বাকে হাসপাতালে পৌঁছে দিল কোস্ট গার্ড নিরাপদে সন্তানের জন্ম

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে সন্তানসম্ভবা এক মায়ের প্রসব বেদনায় পাশে দাঁড়িয়েছে উপকূল রক্ষীবাহিনী কোস্ট গার্ড। গত বৃহস্পতিবার বিকেলে প্রবল বৃষ্টির মধ্যে খুলনার উপকূলীয় দাকোপ উপজেলার কালাবগি গ্রামের বাড়ি থেকে অন্তঃসত্ত্বা শরীফাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। মা ও শিশু দুজনেই সুস্থ আছেন।

বাগেরহাটের মোংলার কোস্ট গার্ড পশ্চিম জোন কার্যালয়ের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন অর রশিদ জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নৌযান চলাচল বন্ধ ছিল। সন্তানসম্ভবা সেই মায়ের প্রসব বেদনায় কাতর হওয়ার খবর জানতে পেয়ে কোস্ট গার্ডের একটি দল তার বাড়িতে যায়। অন্তঃসত্ত্বা মা ও তার পরিবারের সদস্যদের নিয়ে নৌযানে করে নিরাপদে খুলনার দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দ্রুত হাসপাতালে ভর্তি করতে না পারলে জীবন বিপন্ন হওয়ার শঙ্কা থাকত। অসহায় অন্তঃসত্ত্বা মায়ের পাশে দাঁড়াতে পেরে কোস্ট গার্ড গর্বিত।