স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রীকে গলাকেটে হত্যা করার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। হত্যার শিকার কবিতা আক্তার (২৫) গোড়াই এলাকার একটি গার্মেন্ট শিল্প কারাখানায় কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তার স্বামী সুজন মিয়া (৪০)। তারা পরিবারসহ সোহাগপাড়া গ্রামের সিকাদার পাড়ার মূসা মিয়ার বাড়িতে গত ১৫-১৬ বছর যাবৎ ভাড়া থাকতেন।

দেওহাটা ফাঁড়ির ইনচার্জ গিয়াস উদ্দিন বলেন, আমরা জানতে পেরেছি নিহত কবিতার স্বামী সুজন মিয়া ইটভাটায় ইট পরিবহন শ্রমিক হিসেবে কাজ করতেন এবং পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল।

প্রত্যক্ষদর্শী কবিতা আক্তারের মেয়ে সুমাইয়া (৮) বলে, রাতে বাবা বাড়ি ফেরার পর থেকে মায়ের সঙ্গে তার ঝগড়া হচ্ছিল। বাবা প্রথমে মাকে রড দিয়ে পিটিয়ে শেষে চাকু দিয়ে গলা কাটে। আমার চিৎকার শুনে নানা এগিয়ে এলে বাবা পালিয়ে যায়।

মির্জাপুর থানার ওসি রাশেদুল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।