হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধা নিহত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাতকুচি নামাপাড়া পুরনো ফরেস্ট অফিস এলাকায় হানা দিয়ে ছুরতন নেছা নামে পঁয়ষট্টি বছর বয়সী এক বিধবা বৃদ্ধাকে হত্যা করেছে বন্যহাতির দল। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ঘুমন্ত ওই বৃদ্ধাকে ঘর থেকে টেনে বের করে বাড়ির আঙিনায় ফেলে শুঁড়ে পেঁচিয়ে ও পায়ে পিষ্ট করে নির্মমভাবে হত্যা করে। বৃদ্ধা ছুরতন নেছা ওই গ্রামের মৃত রঙ্গু শেখের স্ত্রী।

স্থানীয় সূূত্র জানায়, প্রতিদিনের মতো সেদিন গভীর রাতে নালিতাবাড়ীর বাতকুচি ও পলাশিকুড়া এলাকায় তান্ডব চালায় একদল বন্যহাতি। বন বিভাগ জানায়, অতিসম্প্রতি ওই বৃদ্ধার বসতবাড়ি হাতি দ্বারা বিধ্বস্ত হওয়ার ঘটনায় সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এর আগে বুধবার রাতে মধুটিলা ইকোপার্কের ক্যান্টিনে হানা দিয়ে ক্যান্টিন বিধ্বস্ত করে ও ভেতরে রাখা বিভিন্ন পণ্য খেয়ে ও পায়ে মাড়িয়ে নষ্ট করে। এমনকি বিভিন্ন ধরনের কোমল পানীয় পর্যন্ত খেয়ে ও নষ্ট করে ফেলে। গত ২০ মে রাতে ঝিনাইগাতি উপজেলার বড় গজনী সড়কের দরবেশতলা ও গজনী-বাকাকুড়া সড়কে দুজনকে নির্মমভাবে হত্যা করে বন্যহাতির দল।

শেরপুর সহকারী বন সংরক্ষক সাদেকুল ইসলাম খান বলেন, নিয়ম অনুযায়ী তার পরিবার বন বিভাগের কাছে আবেদন করলে তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে।