ব্রাহ্মণবাড়িয়ার খাড়েরা ইউনিয়নের খাড়েরা গ্রামে নিখোঁজের সাতদিন পর আব্দুল্লাহ (৪) নামের এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আব্দুল্লাহ ওই গ্রামের আতিকুর রহমান ও হালিমা খাতুন দম্পতির একমাত্র সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ মে বিকেল থেকে শিশু আব্দুল্লাহ নিখোঁজ হয়ে যায়। তার সন্ধান না পেয়ে পরদিন কসবা থানায় একটি সাধারণ ডায়েরি করেন আব্দুল্লাহর মা হালিমা খাতুন। শুক্রবার ৩০ মে বিকেলে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি ধানক্ষেতে স্থানীয়রা পচনধরা লাশ পরে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হয়, এটি নিখোঁজ শিশু আব্দুল্লাহর লাশ। রাতেই ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের বলেন, প্রাথমিকভাবে এটি একটি অপমৃত্যু হিসেবে গণ্য করে মামলা গ্রহণ করা হয়েছে। তবে বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।