চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে অনার্স প্রথম বর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ইসলামী ছাত্রশিবিরের স্থাপিত হেল্প ডেস্ক ভাঙচুর ও শিবিরকর্মীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার জন্য ছাত্রদলকে দায়ী করেছে শিবির। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
শনিবার সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর (দক্ষিণ) এর সভাপতি ইব্রাহিম হোসেন রণি অভিযোগ করে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ছাত্রদলের কয়েকজন কর্মী এসে হেল্প ডেস্ক বন্ধ করতে বলে এবং হুমকি দেয়। তা সত্ত্বেও শিবির কর্মীরা কার্যক্রম চালিয়ে যেতে থাকলে ছাত্রদল হঠাৎ হামলা চালায়। এতে ৩ জন আহত হন।
আহতরা হলেন, শিবির মহানগর দক্ষিণ কলেজ শাখার সম্পাদক মোজাহেরুল ইসলাম, কামরুজ্জামান জীবন ও আব্দুল হাদী রাহি।
তবে, ঘটনার বিষয়ে ডবলমুরিং মডেল থানার ওসি কাজী রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, শিবির ও ছাত্রদলের মধ্যে সামান্য কথা কাটাকাটি ও হালকা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহতের কোন তথ্য তার কাছে নেই।
সংবাদ সম্মেলনে ইব্রাহিম হোসেন রনি বলেন, আমরা লক্ষ্য করেছি দেশব্যাপী ক্যাম্পাসগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট এবং ছাত্রসংসদ নির্বাচন বিলম্ব করতে ইতিমধ্যে বাম সংগঠন-ছাত্রদল একত্রিত হয়ে নানামুখী অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে সরকারি কমার্স কলেজে আমাদের আয়োজনে ছাত্রদল হামলা চালিয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং হামলাকারীদের চিহ্নিত করে অতি দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি মাইমুনুল ইসলাম মামুন, বায়তুল মাল সম্পাদক রাকিবুল ইসলাম, সাহিত্য সম্পাদক বাহাউদ্দিন, শিবির মহানগর দক্ষিণ কলেজ শাখার সম্পাদক মোজাহেরুল ইসলাম উপস্থিত ছিলেন।