দুই শতাধিক প্রতিনিধি নিয়ে ঢাকায় চীনের বাণিজ্যমন্ত্রী

চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও ২০০ জনেরও বেশি ব্যবসায়ী প্রতিনিধিদল নিয়ে ঢাকা সফরে এসেছেন। এ সফর বাংলাদেশে চীনা বিনিয়োগের নতুন সম্ভাবনা উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। প্রতিনিধিদলটি গতকাল শনিবার ঢাকায় পৌঁছায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনা বাণিজ্যমন্ত্রীকে স্বাগত জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

এদিকে আজ রবিবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্র্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘চীন-বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলন’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন ওয়াং ওয়েনতাও।

সম্মেলনে চীনের ১০০টি কোম্পানির প্রায় ২৫০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন, যাদের মধ্যে ফরচুন ৫০০ তালিকাভুক্ত ছয়-সাতটি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা রয়েছেন। এ ছাড়া চীনের চারটি শীর্ষ বাণিজ্য সংগঠনের প্রতিনিধিরাও এতে যোগ দেবেন।

সফরের অংশ হিসেবে আগামীকাল সোমবার চীনা প্রতিনিধিরা বাংলাদেশ-চীন জয়েন্ট ইকোনমিক কমিটির বৈঠকে অংশ নেবেন এবং দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন। তারা প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ সফরে বাণিজ্য ও বিনিয়োগের বিষয়টি প্রাধান্য পাবে। এদিকে গতকাল বিকেলে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করেছেন চীনের প্রতিনিধিদলের সদস্যরা।

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, এ সফরে চীন-বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ বিনিময় অনুষ্ঠান হবে, যেখানে দুই দেশের শতাধিক উদ্যোক্তা একসঙ্গে ব্যবসায়িক সম্ভাবনা খুঁজবেন।

বিশ্লেষকদের মতে, প্রধান উপদেষ্টার সাম্প্রতিক চীন সফর এবং এপ্রিলে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনের ফলাফল হিসেবে এ সফর গুরুত্বপূর্ণ। চীনের ক্রমবর্ধমান আগ্রহ বাংলাদেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এ সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা প্রাধান্য পাবে। চীনা বিনিয়োগের প্রবাহ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।