জুলাই-আগস্টে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে। গতকাল শনিবার ঢাকায় আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
এদিকে গতকাল বিকেলে একই তথ্য জানিয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী মোনাওয়ার হুসাইন তামীম বলেন, আজ কোর্ট প্রসিডিংস বিটিভির মাধ্যমে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্পচার করা হতে পারে।
গতকাল জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে ‘গুমের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচার করো’ শীর্ষক আলোচনা সভায় তাজুল ইসলাম বক্তব্য রাখেন। এ সময় শেখ হাসিনাকে গুম ও আয়নাঘরের নিউক্লিয়াস হিসেবে অভিহিত করেন তিনি। সভাটির আয়োজন করে বেসরকারি মানবাধিকার সংগঠন ‘অধিকার’।
অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের বিচারকাজে আগামী ডিসেম্বরের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হতে পারে। বিচারকাজ পুরোদমে এগোচ্ছে। তবে তদন্ত শেষ করতে যুক্তিসংগত সময় লাগবে। এ সময় ১০ থেকে ১৫টি উল্লেখযোগ্য গুমের ঘটনার তদন্ত সম্পন্ন হয়েছে। জুন মাসের মধ্যে প্রতিবেদনগুলো পাওয়া যাবে।’
চিফ প্রসিকিউটর বলেন, অপরাধের কাঠামো এবং অপরাধী সম্পর্কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মোটাদাগে তথ্য চিহ্নিত করতে পেরেছে। তবে গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের ক্ষেত্রে কিছুটা বাধা থেকে গেছে।
তিনি আরও বলেন, বিচারের ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করছেন তারা। বিচারের আন্তর্জাতিক মানদ-, মানবাধিকার রক্ষা করা, বিচারের নামে অবিচার যাতে না হয়, যেগুলো অতীতে হয়েছে, সে বিষয়ে তারা সতর্ক রয়েছেন।
এর আগে গত ১২ মে অ্যাডভোকেট তাজুল ইসলাম ট্রাইব্যুনালে এক সংবাদ সম্মেলনে জানান, জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার প্রধান আসামি শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন বিচারের জন্য প্রস্তুত হয়েছে। এ মামলায় আওয়ামী লীগ সরকারের আমলের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ঘটনার সময় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করা চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও আসামি করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযোগে শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের নির্দেশদাতা ও ‘সুপিরিয়র কমান্ডার’ হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্ররোচনা, উসকানি, ষড়যন্ত্র, সম্পৃক্ততা এমন পাঁচটি অভিযোগে তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল করেছে।