যৌথ উদ্যোগে ব্যবসায় আগ্রহী চীনের বিনিয়োগকারীরা

বাংলাদেশে কৃষি, প্রযুক্তি, জ্বালানি, ফিনটেক, অবকাঠামোসহ চামড়া ও চামড়াজাত পণ্যে বাণিজ্য সম্ভাবনা দেখছেন চীনের ব্যবসায়ীরা। এসব সম্ভাবনাময় খাতে যৌথ উদ্যোগে ব্যবসায় আগ্রহী চীনের ব্যবসায়ীরা। ঢাকায় সফররত চীনের ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে দেশের শীর্ষ শিল্প মালিকদের আলোচনায় সংশ্লিষ্ট খাতে বিনিয়োগের বিষয় উঠে এসেছে।

গতকাল রবিবার রাজধানীর মতিঝিলে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান।

স্বাগত বক্তব্যে তিনি বলেন, শিল্প বৈচিত্র্যকরণ এবং রপ্তানি সম্প্রসারণের জন্য বাংলাদেশ একটি আকর্ষণীয় বিজনেস হাব হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন সম্ভাবনাকে কাজে লাগানো এবং প্রবৃদ্ধিকে আরও গতিশীল করতে উভয় দেশকে যৌথভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি), ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট (এফটিএ), গবেষণাসহ স্টার্ট-আপ ইকোসিস্টেম উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি।

এ সময় চীনের ব্যবসায়ী প্রতিনিধিদলের প্রধান এবং চায়না ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স ফর দ্য প্রাইভেট সেক্টর (সিআইসিসিপিএস) ভাইস চেয়ারম্যান চিয়াং চি জানান, ইতিমধ্যে ঢাকা সফরের আওতায় বাংলাদেশের বিভিন্ন খাতের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারা। এফবিসিসিআইয়ের সঙ্গে আলোচনা এবং বিটুবি সভা দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারণে ফলপ্রসূ ভূমিকা রাখবে।

সভায় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সহায়ক কমিটির সদস্য নাসরিন ফাতেমা আউয়াল, মো. গিয়াস উদ্দিন চৌধুরী (খোকন), প্রবীর কুমার সাহা, বেলায়েত হোসেন ভূঁইয়া, এফবিসিসিআইয়ের সাবেক প্রথম সহসভাপতি মোহাম্মদ আলী, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল, মীর টেলিকমের পরিচালক মেহরিন নাসির, এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর প্রমুখ।