সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল রবিবার সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবিতে বেলা পৌনে ১২টার দিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে মিছিল নিয়ে বাদামতলায় সমবেত হন তারা। অবিলম্বে অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানান তারা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, যেহেতু প্রধান উপদেষ্টা সফর শেষে দেশে ফিরেছেন, সেহেতু ইতিবাচক ঘোষণা প্রত্যাশা করছেন তারা।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল সচিবালয়ে পরিবেশ উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেন আইন বাতিল চাওয়া সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবি নিয়ে কর্মচারীদের উদ্বেগের কথা উপদেষ্টা পরিষদের বৈঠকে জানানো হবে। বিষয়টি নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। সচিবালয়ে আন্দোলকারীদের ‘শান্তিপূর্ণ কর্মসূচি’ করতে অনুরোধ জানান তিনি।
এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবিরের কাছে স্মারকলিপি দেন কর্মচারী ইউনিয়ন নেতা নূরুল ইসলাম ও নজরুল ইসলাম। পরে উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তারা। উপদেষ্টার সামনে দেওয়া বক্তব্যে আইনের বিভিন্ন ‘নিবর্তনমূলক ও দমনমূলক’ দিক তুলে ধরেন কর্মচারী ইউনিয়নের নেতারা।
বৈঠক শেষে উপদেষ্টা ফাওজুল কবির বলেন, এখানে কিছু প্রভিশন রয়েছে যেগুলো অপপ্রয়োগের সম্ভাবনা আছে। আপনাদের অবস্থান হচ্ছে এটা বাতিল করে দিতে হবে। বাতিল করার দাবি জানিয়ে আপনাদের যে বক্তব্য, সেটা উপদেষ্টা পরিষদে আমি আলাপ করব।