ঈদুল আজহা

বরুড়ায় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে গরু ছাগলের হাট 

প্রশাসনের নির্দেশনা অমান্য করে কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে বসানো হয়েছে কোরবানির গরু-ছাগলের হাট। উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নির্দেশনা থাকা সত্ত্বেও গরু-ছাগলের হাট ইজারা নিয়ে ব্যবহার করা হচ্ছে স্কুল কলেজের মাঠ।

উপজেলা আইনশৃঙ্খলা সভা সিদ্ধান্তক্রমে শিক্ষাপ্রতিষ্ঠানে গরু-ছাগলের হাট না বসানোর জন্য প্রত্যেক প্রতিষ্ঠানে চিঠি প্রদান করা হয়। 

সরেজমিন ঘুরে দেখা যায়, বরুড়া উপজেলা আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয়, পয়েলগাছা ডিগ্রি কলেজ, শরাফতি প্রাথমিক বিদ্যালয় ও একবাড়িয়া উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে গরু-ছাগলের হাট বসানো হয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে সপ্তাহের দুই থেকে তিনদিন বসবে গরু-ছাগলের হাট। স্কুলের সামনে ও ভবনে উপরেই বড় সাইনবোর্ডে ঝোলানো আছে বিশাল গরু–ছাগলের হাট।

আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয় ও পয়েলগাছা ডিগ্রি কলেজের কয়েকজন শিক্ষার্থী জানায়, বৃষ্টির মধ্যে আমাদের স্কুল মাঠে গরু-ছাগলের হাট বসানো হয়েছে। পয়ালগাছা  ইজারাদার ও স্থানীয় প্রভাবশালীরা এই হাট বসিয়েছে। আমরা এখন কোথায় খেলাধুলা করবো। কোরবানির বাজারের পর ঈদের ছুটি শেষ হয়ে গেলেও মাঠ থেকে দুর্গন্ধ সরে না। পোকামাকড়, মশা-মাছি বেড়ে যায়। এগুলো পরিষ্কার করার চেষ্টা করা হলেও কোনো লাভ হয় না।

আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ মিয়াজী জানান, এটা ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত। স্কুলের আসেপাশে হাট দেওয়ার মত জায়গা না থাকায় স্কুল মাঠে দিতে হচ্ছে।

একবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন ভৌমিক বলেন, আমাদের স্কুলে যারা হাট বসাইছে তারা বলেছে ইউএনও স্যার থেকে অনুমতি এনেছে। 

এই বিষয়ে বরুড়া উপজেলার নির্বাহী অফিসার নু এমং মারমা মং বলেন, আমরা কোনো স্কুল-কলেজের মাঠে পশুর হাট ইজারা দেয়নি। আমি বিষয়টি জেনে ব্যবস্থা নিচ্ছি।

উল্লেখ্য, আসন্ন পবিত্র  ঈদুল আজহা উপলক্ষে বরুড়া উপজেলায় ২৬টি কোরবানি পশুর হাটের অনুমোদন দেয় সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন কর্তৃপক্ষ।