অবিলম্বে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল চালুর দাবি জানিয়েছে জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদ। সংগঠনটি বলেছে, চক্ষু হাসপাতালসহ সকল সরকারি হাসপাতালকে সিন্ডিকেট মুক্ত করতে হবে।
আজ সোমবার (২ জুন) এক বিবৃতিতে এ দাবি জানান সংগঠনের আহ্বায়ক ফয়জুল হাকিম।
বিবৃতিতে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা রেজিম উচ্ছেদ হয়ে গেলেও সরকারি হাসপাতালগুলোতে কতিপয় দুর্নীতিবাজ ডাক্তার-কর্মচারী-টেকনিশিয়ান-নার্স-ওয়ার্ডবয়দের সিন্ডিকেট কার্যকর আছে। এইসব সিণ্ডিকেট ভেঙে দিতে হবে।
বিবৃতিতে হাসপাতালে কর্মস্থলে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে বলা হয়, শেরেবাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সংঘটিত হামলার ঘটনা তদন্তে কমিটি গঠন করতে হবে এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে হবে এবং শাস্তি দিতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা প্রদানে গাফলতির বিষয় তদন্ত করতে হবে এবং এ পর্যন্ত দেশে ও বিদেশে জুলাই অভ্যুত্থানে আহত কতোজন রোগীকে অন্তর্বর্তী সরকার চিকিৎসা সেবা প্রদান করেছে এবং তার পেছনে রাষ্ট্রীয় ব্যয় কত হয়েছে তা জনসম্মুখে প্রকাশ করতে হবে।