ইয়ামাল নন সেরা তরুণ খেলোয়াড় দুয়ে

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল পর্যন্ত অসাধারণ ফুটবল খেলেছেন বার্সেলোনার লামিন ইয়ামাল। ধারণা করা হচ্ছিল, বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগ জিতলে বা ফাইনালে খেললে সেরা খেলোয়াড় বা সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার উঠবে তার হাতে। কিন্তু সেমিতে ইন্তারের কাছে হেরে বিদায় নেয় বার্সা। তাই কোনটাই জুটলো না ইয়ামালের।

চ্যাম্পিয়নস লিগে মৌসুমসেরা খেলোয়াড় এবং সেরা তরুণ খেলোয়াড় দুটিই গেল পিএসজির ঘরে। মৌসুমসেরা খেলোয়াড় ওসমান দেম্বেলে এবং সেরা তরুণ খেলোয়াড় দিজিরে দুয়ে।

ইয়ামালের চেয়ে ম্যাচের হিসাবে ৩ ম্যাচ বেশি খেললেও মিনিটের হিসাবে আবার কম সময় মাঠে ছিলেন। ইয়ামাল মাঠে ছিলেন ১ হাজার ১০৩ মিনিট আর দুয়ে মাঠে ছিলেন ৭৪০ মিনিট। দুয়ে ইয়ামালকে পেছনে ফেলেছেন ফাইনালের পারফরম্যান্সে। শনিবার রাতের ফাইনালে ৬৬ মিনিট মাঠে থেকে ২ গোল করার পাশাপাশি ১টি অ্যাসিস্টও করেছেন দুয়ে।

এমন পারফরম্যান্সে সেরা একাদশেও জায়গা পেয়েছেন দুয়ে।

দেম্বেলের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া একরকম নিশ্চিতই ছিল। এ ক্ষেত্রে তাঁর মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন বার্সার রাফিনহা। তবে শিরোপা জিতে রাফিনহাকে লড়াই থেকে ছিটকে দিয়েছেন দেম্বেলে।

চ্যাম্পিয়নস লিগের সেরা একাদশ

জিয়ানলুইজি দোন্নারুমা (পিএসজি), আলেসান্দ্রো বাস্তোনি (ইন্তার মিলান), মার্কিনহোন (পিএসজি), আশরাফ হাকিমি (পিএসজি), নুনো মেন্দেস (পিএসজি), ডেকলান রাইস (আর্সেনাল), ভিতিনহা (পিএসজি), রাফিনহা (বার্সেলোনা), লামিন ইয়ামাল (বার্সেলোনা), দেজিরে দুয়ে (পিএসজি), উসমান দেম্বেলে (পিএসজি)।