'স্পেনের ওপরে কেউ নেই'—এমবাপ্পের ফ্রান্সকে ইয়ামালের চ্যালেঞ্জ

আপডেট : ০১ জুলাই ২০২৬, ১২:২৯ পিএম

ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর চলার মাঝেই স্পেনের বিস্ময় বালক লামিন ইয়ামাল সরাসরি হুঙ্কার ছুঁড়েছেন টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ফ্রান্সের দিকে। গ্রুপ 'এইচ'-এর চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ অস্ট্রিয়ার মুখোমুখি হওয়ার আগে এই স্প্যানিশ ফরোয়ার্ড ফরাসি শিবিরকে এক হাত নিয়েছেন, কারণ কোয়ার্টার ফাইনালেই স্পেনের মুখোমুখি হতে পারে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স।

সেই সম্ভাব্য মহারণ নিয়ে এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেন,

"না, ইউরো ২০২৪-এর পর থেকে ফ্রান্স আমাদের হারাতে পারেনি। তাই ওরা আমাদের চেয়ে ভালো হতে পারে না। ওরা চমৎকার একটি স্তরে আছে, ওদের দলে দারুণ সব খেলোয়াড় আছে; কিন্তু আমি মনে করি না ওরা অন্য কারও চেয়ে ওপরে। আমার কাছে, স্পেনের ওপরে কেউ নেই।"

বড় টুর্নামেন্টের সাম্প্রতিক পরিসংখ্যানে স্পেনের পাল্লাই ভারী। ইউরো ২০২৪-এর সেমিফাইনালে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল স্পেন। এরপর উয়েফা নেশনস লিগের সেমিফাইনালেও ফরাসিদের ৫-৪ ব্যবধানে বিদায় করেছিল 'লা রোহা'রা।

টুর্নামেন্টে স্পেনের খেলা নিয়ে দর্শকদের প্রত্যাশা ও মাঠের লড়াই প্রসঙ্গে ইয়ামাল বলেন:

"এটা সত্যি যে সবাই আমাদের কাছ থেকে আরও ভালো খেলার প্রত্যাশা করেছিল, কিন্তু আমরা ভিন্ন ভিন্ন ধরণের দলের মুখোমুখি হয়েছি, যাদের কেউই ইউরোপীয় ছিল না। ম্যাচগুলো বেশ কঠিন ছিল, বিশেষ করে তৃতীয় ম্যাচটি (উরুগুয়ের বিপক্ষে)। সেখানে খেলা বারবার ব্যাহত হচ্ছিল। সৌদি আরবের বিপক্ষে ম্যাচটি ভালো ছিল, আর কেপ ভার্দে ম্যাচটি ছিল আমাদের উদ্বোধনী ম্যাচ।"

নিজেদের সেরাটা এখনো দেওয়া বাকি উল্লেখ করে তিনি আরও যোগ করেন,

"আমার মনে হয় না আমরা এখনো কোনো দুর্দান্ত ম্যাচ খেলেছি... তবে আমরা একবার পূর্ণ ছন্দে ফিরে পেলে—এবং আমরা নিশ্চিতভাবেই তা পাব—আমাদের থামানো প্রায় অসম্ভব হয়ে উঠবে।"

নিজের প্রথম বিশ্বকাপ দারুণভাবে উপভোগ করলেও গত কিছুদিন ধরে হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন এই তরুণ ফরোয়ার্ড। তবে বৃহস্পতিবার অস্ট্রিয়ার বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে মাঠে নামার জন্য তিনি প্রস্তুত। নকআউট পর্বের দীর্ঘ পথ পাড়ি দিতে এবং ইনজুরি ম্যানেজমেন্টের অংশ হিসেবে হয়তো কোচ তাঁকে পুরো ৯০ মিনিট মাঠে না-ও রাখতে পারেন, তবে স্পেনের 'অপ্রতিরোধ্য' হয়ে ওঠার মিশনে তিনি মাঠে নামতে মুখিয়ে আছেন।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত