৮ দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।
রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকায় আসেন তিনি। গত ২৪ মে জাপানের রাজধানী টোকিওতে চলমান দুই সপ্তাহব্যাপী একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে রাজউক চেয়ারম্যান ঢাকা ত্যাগ করেন।
সোমবার অফিসে গিয়ে ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) রিভিউ সংক্রান্ত একটি সভাসহ দুটি সভায় অংশ নেন। দাপ্তরিক কাজসহ সেবাগ্রহিতাদের নানা সমস্যা নিয়ে আলোচনা করেন তিনি।
জাইকার (JICA) অর্থায়নে ‘ট্রানজিট-অরিয়েন্টেড ডেভেলপমেন্ট (টিওডি)’ প্রকল্পের আওতায় ঢাকাকে বাসযোগ্য নগরীতে রূপান্তরের লক্ষ্যে টিওডি প্রকল্পের উপযোগিতা যাচাইয়ের জন্য ‘টিওডি প্ল্যানিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন ইউজিং ল্যান্ড রি-অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড রিডেভেলপমেন্ট টুলস’ শীর্ষক গুরুত্বপূর্ণ এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।
টিওডি প্রকল্পের আওতায় প্রকল্প সংশ্লিষ্টদের কারিগরি জ্ঞান অর্জনের লক্ষ্যে দ্বিতীয় পর্যায়ের এই প্রশিক্ষণটি আয়োজন করেছে জাইকা। প্রশিক্ষণে একাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি বিভিন্ন এলাকা পরিদর্শনের মাধ্যমে প্রাসঙ্গিক ধারণা প্রদান করা হচ্ছে।
বাংলাদেশ থেকে ১৭ সদস্যের একটি দল এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন, বিআরটিসি ও মেট্রো রেল প্রকল্পসহ রাজউকের আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। আগামী ৫ জুন এই প্রশিক্ষণ শেষ হবে।
রাজউকের সদস্য (উন্নয়ন) মো. হারুন-অর-রশীদ, প্রধান নগর পরিকল্পনাবিদ মোশতাক আহমেদ, প্রধান প্রকৌশলী মো. নুরুল ইসলামসহ অন্য কর্মকর্তারা প্রশিক্ষণ শেষে দেশে ফিরবেন বলে জানা গেছে।