মতবিনিময়সভায় রাজউক চেয়ারম্যান 

ভবনের নকশার ব্যত্যয় করলে সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হবে

আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ০৭:১৯ পিএম

নকশা অনুযায়ী ভবন নির্মাণ না করলে সেবা সংযোগ বিচ্ছিন্ন, উচ্চ জরিমানা করার কথা জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

আজ শনিবার রাজধানীর পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুলে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

রাজউক চেয়ারম্যান বলেন, প্রথমে ভবনের ব্যত্যয়কারীকে সতর্ক করা হবে। তিনি ঠিক না হলে তার সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এরপরও তিনি সঠিক নিয়মে কাজ না করলে তার ভবন সিলগালা করা হবে। প্রয়োজনে তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের করা হবে।

তিনি বলেন, আবু সাঈদ, মুগ্ধদের জীবনের বিনিময়ে বৈষম্যহীন বাংলাদেশ গঠনের সুযোগ এসেছে। এই সুযোগ হাত ছাড়া করা যাবে না। সকলে মিলে কাজ করতে হবে।

তিনি জানান, তার ক্যারিয়ার প্রাইভেট সেক্টরের। নতুন সরকার তাকে ঢাকাকে বাসযোগ্য করার দায়িত্ব দিয়েছেন। এই কাজটি তিনি সততার সঙ্গে পালন করতে চান। আর ভবন নির্মাণ বিষয়ক নকশার ব্যত্যয়কারীদের বিরুদ্ধে তার অবস্থা জিরো টলারেন্স থাকবে। রাজউক এখন ৩ হাজার ৩৮২টি ব্যতয়যুক্ত ভবন চিহ্নিত করে সেসব সংশোধনের কার্যক্রম অব্যাহত রেখেছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, মশা এবং বজ্য সিটি করপোরেশনের বড় সমস্যা। পাশাপাশি জলাবদ্ধতা, সড়ক ও ফুটপাত প্রশ্বস্তকরণ কাজও সিটি করপোরেশন করছে। এখন থেকে রাজউক ও সিটি করপোরেশন জনসেবা নিশ্চিতে একযোগে কাজ করবে।

রাজউকের মতবিনিময় সভায় পূর্ব রাজাবাজারের স্থানীয় বাসিন্দা, রাজউক, ঢাকা ওয়াসা, ঢাকা উত্তর সিটি করপোরেশন, বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত