ইমারত নির্মাণ বিধি না মানলে ব্যবস্থা: রাজউক চেয়ারম্যান

আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ০৭:০৪ পিএম

ইমারত নির্মাণ বিধিমালা না মেনে যেকোনও ধরনের স্থাপনা নির্মাণ করলে তার বিরুদ্ধে আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

আজ বৃহস্পতিবার রাজউক সভাকক্ষে অ্যাপিলেট উপকমিটির সভায় তিনি এ কথা বলেন।

রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেন, একটি বাসযোগ্য নগরী গড়ে তুলতে হলে আমাদের অবশ্যই বিধি অনুযায়ী ভবন নির্মাণ করতে হবে। আশপাশের ভবনে ব্যত্যয় হয়েছে ভেবে নিজের ভবনেও ব্যত্যয় করা যাবে না। বরং অন্য যারা নিয়মের ব্যত্যয় করেছে তাদের তথ্য রাজউককে জানালে রাজউক দ্রত গতিতে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করবে।

সভায় ঢাকা মহানগর ইমারত (নির্মাণ, উন্নয়ন, সংরক্ষণ ও অপসারণ) বিধিমালা ২০০৮ অনুযায়ী রাজউকের অথরাইজড অফিসার, ইমারত নির্মাণ কমিটি ও বৃহদায়তন বা বিশেষ প্রকল্প অনুমোদন কমিটির আদেশের বিরুদ্ধে পেশকৃত আপত্তি নিষ্পত্তিকল্পে শুনানি অনুষ্ঠিত হয়।

সভায় মোট ২৬টি আপিলের বিপরীতে শুনানি হয়। এ সময় আপিলকারীরা উপস্থিত থেকে তাদের ইমারত সম্পর্কিত রাজউকের আদেশের বিপরীতে তাদের অভিমত রাজউক চেয়ারম্যানের নিকট পেশ করেন। রাজউক চেয়ারম্যানসহ উপকমিটির সদস্যবৃন্দ যাচাই-বাছাই করে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে তাদের সিদ্ধান্ত জানান।

সভায় রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) মো. হারুন-অর-রশীদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর, অতিরিক্ত প্রধান স্থপতি, স্থাপত্য অধিদপ্তর, রাজউকের সকল জোনের পরিচালক, অথরাইজড অফিসারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত