'১০ তারিখের ম্যাচ সবচেয়ে গুরুত্বপূর্ণ তবে ভুটান ম্যাচও গুরুত্বপূর্ণ'

বাংলাদেশের ফুটবল নিয়ে আগ্রহ এখন তুঙ্গে। মনোযোগের কেন্দ্রে ১০ জুন হতে যাওয়া সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ। সেটি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। তার আগে আগামীকাল বুধবার ভুটানের বিপক্ষে প্রীতি ম‍্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচ মূলত সিঙ্গাপুর ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার মঞ্চ হলেও ভুটানের বিপক্ষে জয় চান অধিনায়ক জামাল ভূঁইয়া।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল বলেন, '১০ তারিখ (জুন) আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে ভুটানের বিপক্ষে কালকের ম্যাচও গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা আমাদের সেরাটা দেব। তবে এখন আমাদের মূল মনোযোগ হচ্ছে কালকের ম্যাচে, জিততে হবে।'

গত বছর সেপ্টেম্বরে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। দুটি হয়েছিল ভুটানের থিম্পুতে। প্রথম ম্যাচে ১-০ গোলে জয়ের পর দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে হেরেছিল হাভিয়ের কাবরেরার দল।

জামালের কাছে সেই সময় আর বর্তমানটা এক নয়। 'শেষ আমরা যখন ভুটানের বিপক্ষে খেলছি, তখনকার আর এখনকার অবস্থাটা ভিন্ন। ওই ম্যাচের আগে আমাদের অধিকাংশ খেলোয়াড়ই প্রায় ৩-৪ মাস ধরে খেলার মধ্যে ছিল না। এখন লিগ মাত্র শেষ হয়েছে, তো সবাই খেলার মধ্যে আছে, মানে চিত্রটা ভিন্ন।'

গত মার্চে এশিয়ান কাপ বাছাইয়ে শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে থেকেও মাঠে নামার সুযোগ পাননি ৩৫ বছর বয়সী জামাল। ভুটান ম্যাচে খেলার সুযোগের প্রশ্নে জামাল বলেন, 'এগুলো আমার হাতে নেই।'

আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে সাংবাদিক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাফুফের সংবাদ সম্মেলনে এত সাংবাদিক আগে দেখেছেন? এমন প্রশ্নে জামাল হেসে বলেন, 'এখানে বলা উচিত, আজকে আমি প্রথম দেখলাম এত সাংবাদিক। কিন্তু আমার কষ্ট লাগছে আপনারা নীচে বসে আছেন।'

সংবাদ সম্মেলনে ছিলেন অনেক সংবাদিক। অনেককেই নিচে বসে কাভার করতে হয়।

জাতীয় স্টেডিয়ামে বুধবার সন্ধ্যা ৭ টায় শুরু হবে বাংলাদেশ-ভুটান ম্যাচ।