২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে মার্কেন্টাইল ব্যাংক

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সম্প্রতি ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। ‘বাংলার ব্যাংক’ খ্যাত মার্কেন্টাইল ব্যাংক ১৯৯৯ সালের ২ জুন যাত্রা শুরু করে। এ উপলক্ষে ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আনোয়ারুল হক। ব্যাংকের পরিচালক ও ঊর্ধ্বতন নির্বাহীদের সঙ্গে কেক কেটে তিনি অনুষ্ঠান উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন (হুমায়ুন) ও মো. আব্দুল হান্নান, নির্বাহী কমিটির চেয়ারম্যান এম এ. খান বেলাল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল, পরিচালক মোশাররফ হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। গতকাল ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন, শামীম আহম্মদ, অসীম কুমার সাহা ও ড. মো. জাহিদ হোসেন, সিএফও ড. তাপস চন্দ্র পাল, এসইভিপি শাহ মো. সোহেল খুরশীদ, মোহাম্মদ ইকবাল রেজওয়ান ও মো. আব্দুল হালিমসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী ব্যাংকের সব শাখা, উপশাখা ও প্রধান কার্যালয়ের সব বিভাগে কেক কেটে দিবসটি উদযাপন করা হয় এবং গ্রাহকদের মিষ্টিমুখ করানো হয়।

ব্যাংকের চেয়ারম্যান মো. আনোয়ারুল হক তার বক্তব্যে ব্যাংকের গ্রাহক সংখ্যা, শাখা, আমানত সংগ্রহসহ ব্যাংকের সামগ্রিক চিত্র তুলে ধরে বলেন, গত ২৬ বছরের কঠোর পরিশ্রমে মার্কেন্টাইল ব্যাংক একটি টেকসই ও প্রথম সারির ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি ভবিষ্যতেও করপোরেট সুশাসনকে গুরুত্ব দিয়ে গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি দেন।

সভাপতির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান বলেন, চলতি বছর খেলাপি ঋণ আদায়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তিনি আরও বলেন, নতুন ঋণ দেওয়ার ক্ষেত্রে কৃষি ও এসএমই খাতকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি সর্বোচ্চ সংখ্যক মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে দেশের প্রত্যন্ত জনপদে শাখা-উপশাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেট স্থাপন অব্যাহত থাকবে। গ্রাহকদের চাহিদার বাস্তবায়নে ডিজিটাল ব্যাংকিং সেবা আরও ব্যাপক ও বিস্তৃত করারও অঙ্গীকার করেন তিনি।