দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) আগামী দুই বছরমেয়াদি পরিচালনা পর্ষদের জন্য নির্বাচন ও নির্বাচন আপিল বোর্ড গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এই বোর্ড এখন নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় কার্যক্রম শুরু করবে।
গত সোমবার বাণিজ্য মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বোর্ড গঠনের ঘোষণা দেয়। গত বছর ৫ আগস্টের পর আওয়ামী-ঘনিষ্ঠ ব্যবসায়ীরা এফবিসিসিআইয়ের পর্ষদ থেকে পদত্যাগ করেন। পরে পর্ষদ ভেঙে দিয়ে সে সময়কার প্রতিযোগিতা কমিশনের সদস্য মো. হাফিজুর রহমানকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি) মো. আব্দুর রাজ্জাককে। বোর্ডের অন্য দুই সদস্য হলেন যুগ্ম সচিব মুর্শেদা জামান এবং যুগ্ম সচিব মুস্তাফিজুর রহমান।
অন্যদিকে, নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খানকে। অন্য দুই সদস্য হলেন যুগ্ম সচিব তানভীর আহমেদ ও উপসচিব ড. মো. রাজ্জাকুল ইসলাম।
জানা যায়, এ বোর্ড এখন নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করবে। এর আগে বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্য সংগঠনের বিধিমালা সংস্কার করে প্রতিটি পদে নির্বাচনের বাধ্যবাধ্যকতা জারি করেছে। পর্ষদের আকার কমিয়ে অর্ধেকে আনা হয়েছে। টানা দুবারের বেশি কোনো পরিচালক একাধারে নির্বাচন করতে পারবেন না। এসব বিধান যুক্ত করে এ বিধিমালা জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়, যা সংগঠনটির সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা। তবে প্রশাসক নিয়োগের তিন মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা থাকলেও এখন প্রায় আট মাস হতে চলল। প্রায় আট মাস ধরে এফবিসিসিআইয়ের কোনো পরিচালনা পর্ষদ নেই। সরকার নিযুক্ত প্রশাসক দৈনন্দিন কাজ চালিয়ে নিলেও ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ফেডারেশন কার্যকর ভূমিকা রাখতে পারছে না। গত সোমবার অন্তর্বর্তী সরকার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেছে। স্বাভাবিক সময়ে ব্যবসায়ীরা বাজেট নিয়ে তাদের ভালো-মন্দ বিষয়গুলো তুলে ধরত, একটি প্রতিক্রিয়া জানাত। কিন্তু এবার এফবিসিসিআই বাজেট নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাতে পারেনি।
এদিকে সংস্কারের জন্য অনেক বেশি সময় নেওয়ার কারণে ব্যবসায়ীদের মধ্যেও এক ধরনের ক্ষোভ রয়েছে। তারা তাদের দাবিদাওয়া আদায়ে কোনো এ সংগঠনটিকে ব্যবহার করতে পারতে পারছে না।