বিয়ের ৩ মাসের মাথায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ

গাইবান্ধার পলাশবাড়ীতে নিজঘর থেকে রাসেল মিয়া (১৮) ও জুঁই খাতুন (১৫) নামে এক দম্পতির গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাসেল মিয়া রাজমিস্ত্রির কাজ করতেন।

স্থানীয়রা বলেন, তিন মাস আগে প্রেমের সম্পর্ক করে রাসেল-জুঁই খাতুন বিয়ে করে। বিয়ের পর থেকে আনন্দেই কাটছিল তাদের জীবন। কোনোরকম ঝামেলা ছিল না। প্রতিদিনের ন্যায় গত সোমবার রাতে স্বাভাবিকভাবেই খাওয়া-দাওয়া শেষে তারা নিজ ঘরে ঘুমাতে যায়। পরদিন সকালে রাসেলের মা রাশিদা বেগম ছেলেকে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতর উঁকি দিলে দেখেন, রাসেল ও তার স্ত্রী ঘরের বাঁশের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টু বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, নিহত দম্পতির কোনো সন্তান নেই। নিহতদের শরীরে আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা আত্মহত্যার করেছে।