পুশইন নিয়ে দিল্লিকে ফের চিঠি দেবে ঢাকা

দেশের সীমান্ত জেলাগুলো দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্র্তৃক পুশইন অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবারও তিন জেলার সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৫৪ জনের বেশি ব্যক্তিকে পুশইন করেছে বিএসএফ। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত এক মাসে দুই হাজার নাগরিককে পুশইন করা হয়েছে।

এদিকে গত এক মাসে বাংলাদেশ চারবার পুশইন ইস্যুতে কূটনৈতিক বার্তা পাঠালেও ভারত থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এ বিষয়ে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘পুশইন নিয়ে দিল্লিতে আবার চিঠি পাঠাব। এটি ঠেকানো সম্ভব নয়। আজ বা আগামীকাল আরেকটি চিঠি পাঠানো হবে।’ তিনি জানান, পুশইন

সমস্যা সমাধানে কনস্যুলার সংলাপের মাধ্যমে ভারতের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ।

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের ‘শাপে বর’ : গত এপ্রিলে ভারত একতরফাভাবে বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এটিকে বাংলাদেশের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি বলেন, “ট্রান্সশিপমেন্ট বাতিল আমাদের জন্য ‘শাপে বর’ হয়েছে। ভারতের ওপর নির্ভরতা কমেছে এবং আমাদের রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়নি। বরং চট্টগ্রাম ও সিলেট থেকে সরাসরি পণ্য যাচ্ছে। এতে কোনো সমস্যা হচ্ছে না। কেন আমাদের পণ্য অন্য দেশের মাধ্যমে ট্রানজিট করতে হবে? এখন সরাসরি রপ্তানি হচ্ছে, যা ইতিবাচক।”

ভারতের সুবিধা বাতিলের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরাও আমাদের প্রয়োজনে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করেছি। ভারত তাদের সুবিধা বাতিল করেছে কি না, তা আমি জানি না। তবে আমরা আমাদের প্রয়োজনেই এ পদক্ষেপ নিয়েছি।’

শেখ হাসিনার প্রত্যর্পণ : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া চলমান। তাকে ভারত থেকে প্রত্যর্পণের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘আমরা কোনো জবাব পাইনি। গত বছর চিঠি পাঠানো হয়েছিল। এরপর আর পাঠানো হয়নি। প্রয়োজন হলে অবশ্যই চিঠি দেওয়া হবে।’

সীমান্ত হত্যাকাণ্ড : সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকার প্রাথমিকভাবে তীব্র প্রতিবাদ জানিয়েছিল এবং ভারতীয় কূটনীতিকদের তলব করে প্রতিবাদপত্র হস্তান্তর করেছিল। বর্তমানে এ ধরনের পদক্ষেপ কম হওয়ার কারণ জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘সীমান্ত হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না। এ বিষয়ে নমনীয়তা দেখানো সম্ভব নয়। আমরা প্রতিবাদ করে যাচ্ছি এবং এ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আমরা শক্ত ভাষায় প্রতিবাদ জানাব, এটি কখনই মেনে নেওয়া হবে না।’

বিদেশি ভিসা সীমিতকরণে বাংলাদেশিদের দায় : বিভিন্ন দেশ বাংলাদেশিদের ভিসা প্রদানে সতর্কতা অবলম্বন করছে। তৌহিদ হোসেন বলেন, ‘এর জন্য অনেকাংশে আমরা নিজেরাই দায়ী। আমাদের দেশের মানুষ এবং ব্যবসায়ীরা, বিশেষ করে যারা শ্রমিক পাঠায়, তারা এর জন্য দায়ী।’ তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘মালয়েশিয়ায় আমাদের প্রতি কোনো বিরূপ মনোভাব নেই। তবে বৈধপথে নেপালি শ্রমিকের তুলনায় আমাদের অবৈধ শ্রমিকের সংখ্যা বেশি ছিল। এটি আমাদের দোষ। আমাদের ঘর গোছানো দরকার। এ বিষয়ে অনেক কাজ করতে হবে, যদিও আমার কথা অনেকের পছন্দ নাও হতে পারে।’

তিন জেলায় এক দিনে ৫৪ পুশইন : পঞ্চগড় সদরের দুটি সীমান্ত দিয়ে সোমবার রাতে নারী ও শিশুসহ ২৬ জনকে পুশইন করেছে বিএসএফ। মঙ্গলবার ভোরে হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে পুশইন হওয়া ৯ জনকে গ্রাম পুলিশ আটক করে ঘাগড়া বিওপি ক্যাম্পে হস্তান্তর করে। চাকলাহাট ইউনিয়নের ক্ষুনিয়াপাড়া সীমান্ত দিয়ে পুশইন হওয়া ১৭ জনকে শিংরোড বিওপি ক্যাম্পের সদস্যরা আটক করে। এই ২৬ জনের মধ্যে ৮ জন পুরুষ, ৯ জন নারী এবং ৯ জন শিশু রয়েছে। তারা ১০ থেকে ১৫ বছর ধরে ভারতের হরিয়ানায় কাজ করত। পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লা হিল জামান জানান, তাদের পরিচয় নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট সীমান্ত দিয়ে সোমবার রাত ৩টার দিকে ২২ জনকে পুশইন করেছে বিএসএফ। ধোবাউড়ার মুন্সিপাড়া পয়েন্ট দিয়ে ১২ জন (৩ নারী, ৮ পুরুষ, ১ শিশু) এবং হালুয়াঘাট দিয়ে ১০ জন (৯ নারী, ১ শিশু) পুশইন হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, ধোবাউড়ার মুন্সিপাড়া বিওপি এলাকায় ১২ এবং হালুয়াঘাটের সূর্যপুর ক্যাম্প এলাকায় ১০ জনকে আটক করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চানশিকারী সীমান্ত দিয়ে মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টার দিকে অবৈধভাবে প্রবেশের সময় আট বাংলাদেশিকে আটক করে বিজিবি।