ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গায় মাহেন্দ্র-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এতে আরও চারজন আহত হয়েছেন। বুধবার (৪ জুন) সকাল ৭টার দিকে উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরচর গ্রামের ইব্রাহীম সর্দার (৬০), ইব্রাহীমের ছেলে মনির সর্দার (৪০), তারা মিয়া শেখ (৫৫), ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের শরিফাবাদ গ্রামের মিজানুর রহমান (৫০)। নিহত অপরজনের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়ভাবে জানা যায়, সকালে গরু কিনতে শিবচর থেকে টেকেরহাটের উদ্দেশে মাহেন্দ্র করে রওনা দেয় ৯ জন যাত্রী। এ সময় ভাঙ্গা বাবলাতলা নামক স্থানে এসে মাহেন্দ্রটি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে সড়ক থেকে ছিটকে পড়ে মাহেন্দ্রটি। এতে ঘটনাস্থলেই নিহত হন বাবা-ছেলেসহ ৪ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। পরে খবর পেয়ে পুলিশ ও ফাঁয়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও গুরুতর আহতদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়। আহত অপর ৪ জন গুরুতর হওয়ায় ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানসীব জুবায়ের নাদিম জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ৪ জন ও হাসপাতালে আনার পর আরও একজনসহ মোট ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪ জন। তাদের অবস্থা গুরুতর হওয়ায় ভাঙ্গা থেকে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তারা সবাই মাহেন্দ্রর যাত্রী ছিলেন।
মাদারীপুর রিজিওনের ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার শাহীন আলম বলেন, দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫ জন। মরদেহগুলো উদ্ধার করে থানায় আনা হচ্ছে। এদের মধ্যে একজনের পরিচয় জানা যায়নি।