আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় উৎপাদন খাতের বড় শিল্পের কাঁচামাল আমদানির ওপর ভ্যাট বাড়িয়ে দেওয়ার ফলে পণ্যের উৎপাদন খরচ বাড়বে। এর মাধ্যমে মূল্যস্ফীতি কমার সুযোগ কম। সবকিছু আইএমএফের ফর্মুলা অনুযায়ী করা হয়েছে। আইএমএফের ফর্মুলা ধরলে ইন্ডাস্ট্রি ক্ষতির মুখে পড়বে বলে মন্তব্য করেছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রি (বিসিআই)।
গত মঙ্গলবার বিসিআইয়ের সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন ব্যবসায়ী সংগঠনটির পক্ষ থেকে এ সংবাদ বিজ্ঞপ্তি পাঠান। বাজেটের প্রতিক্রিয়ায় পাঠানো এই বিজ্ঞপ্তিতে বলা হয়, এমনিতেই ব্যবসার খরচ অনেক বেশি, জ্বালানির খরচ বেশি, ব্যাংক ঋণের সুদ অতিরিক্ত, জ্বালানির পর্যাপ্ত সরবরাহ নেই। এতসব সংকটের মধ্যেও যেসব ইন্ডাস্ট্রি মোটামুটি প্রতিযোগিতা করে যাচ্ছে, সেখানেও শুল্ক ও কর বাড়ানো হয়েছে।
গার্মেন্টসসহ রপ্তানিমুখী শিল্পের নগদ প্রণোদনা আস্তে আস্তে কমিয়ে আনা হচ্ছে। এর ফলে রপ্তানি খাত প্রতিযোগিতার সক্ষমতা হারাবে।