সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের ছোট বিন্নাদায়ির গ্রামে লামিয়া খাতুন (৬) নামের এক শিশুকন্যাকে দুর্বৃত্তরা অপহরণ করে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গতকাল বুধবার ভোরে ওই গ্রামের আওয়ামী লীগ নেত্রী রূপা রহমানের ভাঙা ও পরিত্যক্ত বাসার সেপটিক ট্যাংকের ভেতর থেকে দড়ি দিয়ে পেছনে হাত বাঁধা ও গলায় গামছা পেঁচানো অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত লামিয়া শাহজাদপুর উপজেলা হাবিবুল্লাহনগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের গার্মেন্টসকর্মী নাজিম উদ্দিন ও রিনা খাতুনের মেয়ে। স্বামী-স্ত্রী দুজনেরই গার্মেন্টসে চাকরির কারণে লামিয়া ও তার ছোট বোন বিন্নাদায়ির গ্রামে নানা আব্দুর রশিদের বাড়িতে থাকত। আগের দিন বিকেল থেকে সে নিখোঁজ হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তারা আরও জানায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রূপা রহমান বাড়িঘর ফেলে পালিয়ে যান। এরপর দুর্বৃত্তরা তার দ্বিতল বাড়িটির দরজা-জানালা ভেঙে ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়। সেই থেকে পরিত্যক্ত বাড়িটি জুয়াড়ি ও মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আসলাম আলী বলেন, হত্যার পূর্বে মেয়েটিকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। এ ছাড়া শারীরিক সম্পর্ক হয়েছে কি না তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ছাড়া এ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।