কোরবানির ঈদ এলেই চাহিদা বাড়ে তেঁতুল গাছের খাটিয়ার

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে টাঙ্গাইলের ভূঞাপুরে কোরবানির পশুর মাংস কাটার কাজে ব্যবহৃত তেঁতুল কাঠের খাটিয়া (খাইটার) চাহিদা ব্যাপক হারে বেড়েছে। 

উপজেলার বিভিন্ন এলাকার খাটিয়া প্রস্তুতকারক ও বিক্রেতারা জানাচ্ছেন, প্রতি বছর ঈদুল আজহার আগমুহূর্তে খাটিয়ার বাজারে এক ধরনের মৌসুমি ভিড় লক্ষ্য করা যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। বৃহস্পতিবার (৫ জুন) ভূঞাপুর পৌরশহরসহ বেশ কয়েকটি এলাকা ও হাট-বাজার ঘুরে পশুর মাংস কাটার খাটিয়া বিক্রির এমন দৃশ্য নজরে পড়ে। তেঁতুল কাঠ শক্ত ও টেকসই হওয়ায় পশু জবাইয়ের পর মাংস কাটাকাটিতে এটিবেশ কার্যকর। ফলে গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরের হাট-বাজারেও এর চাহিদা দেখা যাচ্ছে। 

একজন খাটিয়া বিক্রেতা মো. সিহাব উদ্দিন জানান, এই মৌসুমেই আমাদের বছরের বেশির ভাগ খাটিয়া বিক্রি হয়। তেঁতুল কাঠের খাটিয়ার চাহিদা বেশি কারণ এটি বেশি দিন টিকে।

বিক্রেতারা বলছেন, প্রতি খাইটার দাম আকারভেদে ২৫০ থেকে ৫০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে চাহিদা বেশি থাকায় কিছু কিছু ক্ষেত্রে দামও কিছুটা বেড়েছে। 

একাধিক ক্রেতা জানান, ঈদের নামাজ পড়ে এসে পশু কোরবানি দেওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়তে হয়। তখন জিনিসপত্র খোঁজাখুঁজি করা বা অন্যের কাছ থেকে নেওয়া অনেকটা বিড়ম্বনা হয়ে দাঁড়ায়। তাই মাংস কাটার অত্যন্ত প্রয়োজনীয় জিনিস খাটিয়া ক্রয় করেন তারা। এই চাহিদাকে পুঁজি করে অনেকেই মৌসুমি ব্যবসা শুরু করেছেন। তেঁতুল কাঠের সরবরাহ সচল থাকলে এই শিল্পের সঙ্গে জড়িতরা ভালো লাভের আশা করছেন।