বাঁশখালীর গন্ডামারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৫ জুন ২০২৫, ১২:৪২ পিএম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে পুকুরে ডুবে সাজিদুল করিম আবরার (৫) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ জুন) সকা‌লে গন্ডামারা ইউনিয়নের বড়ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত শিশু ওই এলাকার ৯ নম্বর ওয়ার্ডের চকরিয়াখালী এলাকার ডুবাই প্রবাসী ফারুক আজমের ‌দ্বিতীয় পুত্র। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিশুটির মামা কাজী মুহিব উল্লাহ।

নিহতের মামা কাজী মুহিব উল্লাহ্ জানান, বৃহস্প‌তিবার সকালে বাড়ির পেছনের পুকুরে সবার অগোচরে পড়ে যায় শিশু আবরার। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে মা পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

স্থানীয় ও পা‌রিবা‌রিক সূ‌ত্রে জানা যায়, শিশুর পিতা দীর্ঘসময় ধরে ডুবাইতে প্রবাসে থাকেন। সেখানে তার মা সহ তারা থাকতেন। কয়েকদিন আগে তারা সপরিবারে দেশে এসে তাদের ঢাকার বাসায় অবস্থান করেন। কোরবানি উপলক্ষে বুধবার তারা সবাই গ্রামের বাড়িতে আসেন। বৃহস্প‌তিবার সকালে পুকুরে পড়ে শিশু আবরারের মৃত্যু ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত