ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাঁশবাজার এলাকায় নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কে।
নিহতদের মধ্যে রয়েছেন—লাপাং গ্রামের হযরত আলীর ছেলে আবুল কাসেম, ফেনির দক্ষিণ ফরাদনগরের আবুল খায়েরের ছেলে নুরুল আলম এবং নারায়ণপুর গ্রামের বাসিন্দা বিল্লাল মিয়ার ছেলে সোহাগ মিয়া, যিনি অটোরিকশার চালক ছিলেন।
নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) আজাদুর রহমান জানান, সকালে নবীনগর থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা কুমিল্লার কোম্পানিগঞ্জের উদ্দেশে যাত্রা করে। পথে বাঁশবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালকসহ তিনজন প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করেছে।
তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।
কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর ১০ দিন বন্ধ 