লাউয়াছড়ায় ডাকাতির রহস্য উদঘাটন, ৩ ডাকাত গ্রেপ্তার

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে সংগঠিত ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত চক্রকে শনাক্ত এবং আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় লুট করা ৭টি মোবাইল ফোন এবং ডাকাতি কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ৩১ মে রাতে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাঘরাবাড়ি এলাকায় ১০/১৫ জনের একটি ডাকাত দল রাস্তায় গাছ ফেলে বিভিন্ন গাড়ি থামিয়ে যাত্রী ও চালকদের মারধর ও লুটপাট করে। পরবর্তীতে ১ জুন এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়। পরে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), শ্রীমঙ্গল সার্কেলের এএসপি, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ এবং মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই অনিক রঞ্জন দাসসহ একটি টিম ডাকাতির ঘটনার পর থেকে কাজ শুরু করে।  

ভিকটিমদের দেওয়া তথ্য, আমাদের সোর্স এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ৩ জুন ভোরে কমলগঞ্জ উপজেলার দক্ষিণ কানাইদেশী গ্রামে অভিযান পরিচালনা করে ডাকাতির সাথে জড়িত জাহান আহমেদ রাজুকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে ৩১ মে রাতে লুটকৃত একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেদিন সকালে কমলগঞ্জের বনগাঁও এলাকা থেকে জড়িত ডাকাত দলের আরেক সদস্য মহরম আলীকে গ্রেপ্তার ও তার হেফাজত থাকা একটি মোবাইল উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩ জুন রাতে ডাকাত বহনকারী দলের অন্যতম সদস্য সিএনজি চালক সালাম মিয়াকেও শ্রীমঙ্গলের সাতগাঁও স্ট্যান্ড থেকে গ্রেপ্তার ও ডাকাতির কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে।  

এছাড়া লাউয়াছড়া জাতীয় উদ্যানে অভিযান পরিচালনার সময় একটি ব্যাগে পরিত্যক্ত অবস্থায় লুট করা আরও ৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। সিডিআর পর্যালোচনায় গ্রেপ্তারকৃত আসামি জাহান আহমেদ রাজু এবং মহরম আলীর বিরুদ্ধে চুরি ও ডাকাতির একাধিক মামলার তথ্য পাওয়া গিয়েছে। এই চক্রের আরও কিছু সদস্যকে শনাক্ত করা হয়েছে। হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া এলাকা থেকে এসে স্থানীয় লোকজনের সহায়তায় এরা বিভিন্ন এলাকায় ডাকাতি করে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেয়েছে।

ব্রিফিং পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা। আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাহফুজুল কবির, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম প্রমুখ।