দেশের দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার পদ্মা সেতুতে এবারের ঈদ যাত্রায় সর্বোচ্চ টোল আদায় হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার ১২টা পর্যন্ত পদ্মা সেতুতে ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার টাকার টোল আদায়ের মাইল ফলক অর্জন হয়েছে। এ সময় সেতু দিয়ে সর্বোচ্চ ৫২ হাজার ৪৮৭ টি যানবাহন পারাপার হয়েছে।
শুক্রবার (৬ জুন) সকাল ৯টার দিকে সেতু কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা সিকদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এরমধ্যে মাওয়া প্রান্ত দিয়ে প্রবেশ করেছে ৩৫ হাজার ৯৮৫টি যান। জাজিরা প্রান্ত দিয়ে পারি দিয়েছে ১৬ হাজার ৫০২টি যানবাহন। এর আগে ২০২২ সালের ২৬ জুন সর্বোচ্চ ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয় এবং ২০২৪ সালের ৯ এপ্রিল সর্বোচ্চ টোল আদায় হয়েছিল ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা।
এ বিষয়ে সেতু কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা সিকদার সাংবাদিকদের বলেন, সেতু দিয়ে একদিনে সর্বোচ্চ সংখ্যক যানবাহন পারাপার এবং সর্বোচ্চ টোল আদায়ের এক নতুন মাইলফলক অর্জিত হয়েছে। এই সাফল্যের মাধ্যমে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা আরও স্বস্তিদায়ক ও সুশৃঙ্খল হয়েছে।