যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে নোয়াখালীতে পবিত্র ঈদ-উল-আযহা নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী নোয়াখালীতে নয়টি উপজেলায় এবারের ঈদুল আজহায় ৩৫৫ টি স্বতন্ত্র ঈদগাঁ ও মসজিদ কেন্দ্রীক ৩৭২৮ টি ঈদ গাঁসহ সর্বমোট ৪০৮৩ টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭ টায় নোয়াখালী জেলা মডেল মসজিদে সর্বস্তরের জনমানুষের অংশগ্রহণে পবিত্র ঈদ-উল-আযহার নামাযের জামাত অনুষ্ঠিত হয়।
নামায আদায় শেষে জেলাবাসীর উদ্দেশ্যে ঈদ শুভেচ্ছা বার্তা প্রদানের পাশাপাশি উপস্থিত মুসল্লীগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাঈল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিনসহ জেলা প্রশাসন, নোয়াখালী জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
জেলা মডেল মসজিদ সংলগ্ন ঈদগাঁ ও উপজেলা মডেল মসজিদে সকাল সাড়ে ৭টায়, নোয়াখালী জেলা জামে মসজিদ ও শহীদ ভুলু স্টেডিয়াম ঈদগাঁয় সকাল সোয়া ৭টায় ও পৌর বাজার দারুস সালাম মসজিদে সকাল ৮ টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
ঈদ জামাত উপলক্ষে নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া দুপুর দুইটা থেকে পৌর প্রশাসন বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণে অতিরিক্ত জনবল নিয়োগ দিয়েছে।