টেস্ট ক্রিকেট খেলে সংসার চালানোই যখন মুশকিল হয়ে পড়ে

টেস্ট ক্রিকেটের পক্ষে নিরন্তর কথা বলে যাচ্ছেন সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটার। সর্বশেষ আইপিএল শিরোপা জয়ের পর বিরাট কোহলিও টেস্ট ক্রিকেটে জোর দিয়েছেন। তবে অনেক ক্যারিবিয়ান ক্রিকেটারদের কাছেই টেস্ট ক্রিকেটের আবেদন নেই। অনেকে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে বোর্ডের সঙ্গে চুক্তি পর্যন্ত করেন না! কিন্তু টেস্টের প্রতি কেন তাদের এই বিতৃষ্ণা?

ওয়েস্ট ইন্ডিজের ৩৭ বছর বয়সী অল-রাউন্ডার আন্দ্রে রাসেল বলেছেন, ভারত-অস্ট্রেলিয়ার মতো দেশে টেস্ট ক্রিকেট উপার্জনের ভালো মাধ্যম হলেও ক্যারিবিয়ানদের জন্য বাস্তবতা সম্পূর্ণ আলাদা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৮৪ টি–টোয়েন্টি ও ৫৬ ওয়ানডে খেলা রাসেল টেস্ট খেলেছেন মাত্র একটি। দেশটিতে টেস্ট ক্রিকেট খেলে ক্রিকেটাররা কাঙ্ক্ষিত উপার্জন করতে পারেন না বলে তার দাবি।

গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে রাসেল বলেন, ‘আমি মনে করি আপনি যদি ভারত, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো দেশ থেকে আসেন, যেখানে টেস্ট খেলোয়াড়দের যত্ন নেওয়া হয়, তাহলে সেটা ওয়েস্ট ইন্ডিজের বাস্তবতা থেকে সম্পূর্ণ আলাদা। ভারতের খেলোয়াড়েরা টেস্ট ক্রিকেট খেলতে মোটা অঙ্কের কেন্দ্রীয় চুক্তি পায়, বড় মঞ্চে খেলার সুযোগ পায়। হ্যাঁ, তারাও খেলতে চায়।’

রাসেল নিজের দেশের বাস্তবতা তুলে ধরে বলেন, ‘আর ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়? আপনি হয়তো ৫০ বা ১০০টা টেস্ট খেলবেন, কিন্তু অবসরের পর দেখবেন, দেখানোর মতো বিশেষ কিছু নেই। অবশ্যই আপনি চাইবেন এমন একটা জীবন, যেখানে স্বাচ্ছন্দ্যে বাঁচা যায় এবং পরিবারকে ভালোভাবে দেখাশোনা করা যায়।’

টেস্টে সুযোগ পেলেও বেশিদিন খেলতেন না বলে জানিয়েছেন রাসেল, ‘আমাকে কার্যত টেস্ট দল থেকে বের করে দেওয়া হয়েছে। তারা আমাকে সাদা বলের খেলোয়াড় হিসেবেই দেখেছিল, ব্যস সেটাই ছিল বাস্তবতা। আমি টেস্ট ক্রিকেটে বিশ্বাস করি, কিন্তু দিনশেষে আমি একজন পেশাদার ক্রিকেটার। এটা আমার যাত্রার অংশ ছিল না। আমার কোনো আফসোস নেই। কারণ, আমি নিজে থেকে মুখ ফিরিয়ে নিইনি।’