বাংলাদেশকে হারিয়ে আইসিসির মাসের সেরা আমিরাতের ওয়াসিম

আপডেট : ০৮ জুন ২০২৫, ০৯:৩৭ এএম

গত মাসে সংযুক্ত আরব আমিরাতের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের মতো লজ্জা পেয়েছে বাংলাদেশ। ২-১ ব্যবধানে সেই সিরিজ জয়ে আমিরাতের মূল কারিগর ছিলেন অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। তাকেই মে মাসের জন্য ‘প্লেয়ার অব দ্য মান্থ’ হিসেবে নির্বাচিত করেছে আইসিসি।

এই নিয়ে দ্বিতীয়বারের মতো মাসের সেরা হলেন ওয়াসিম। এর আগে ২০২৪ সালের এপ্রিলে তিনি এই পুরস্কার পেয়েছিলেন। এবার সেরার লড়াইয়ে ওয়াসিম হারিয়ে দিয়েছেন স্কটল্যান্ডের ব্র্যান্ডন ম্যাকমুলান ও যুক্তরাষ্ট্রের মিলিন্দ কুমারকে। মেয়েদের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস ও ভারতের জেমিমাহ রদ্রিগেসকে হারিয়ে মাসের সেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্লোয়ি ট্রায়ন।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৩৯ বলে ২ ছক্কা ও ৭ চারে ৫৪ রানের চমৎকার ইনিংস খেলেন ওয়াসিম। যদিও ম্যাচটি তারা জিততে পারেনি। দ্বিতীয় ম্যাচে ৪২ বলে ৫ ছক্কা ও ৯ চারে খেলেন ৮২ রানের বিধ্বংসী ইনিংস। সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ৯ রান করলেও সিরিজসেরার পুরস্কার ওঠে ওয়াসিমের হাতেই। এছাড়া স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে তিনি ৬১, ৪১ ও ৬১ রান করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত