নির্বাচনের তারিখ ডিসেম্বরের মধ্যে নির্ধারণ করলে জনগণ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারবে ও সেটাই করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেছেন, এপ্রিল-মে-জুন মাসে পাবলিক পরীক্ষা রয়েছে। কাজেই সব মিলিয়ে এপ্রিল মাস কোনো অবস্থাতেই নির্বাচনের জন্য খুব সুখকর সময় নয়। এটির বিষয়ে আরও চিন্তাভাবনার বিষয় রয়েছে।
রবিবার বিকালে ঈদ পরবর্তী সময়ে নিজ নির্বাচনী এলাকা দিনাজপুর-৬ আসনের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় বাজারে সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, শুধু গোঁয়ারতুমি করে অথবা মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা, কর্তৃত্ববাদীতা— অতীত বলে এগুলো কোনো অবস্থাতেই বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয়নি। কাজেই আমি মনে করি এখনো সময় আছে এদেশে সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল যারা আছে তাদের সঙ্গে আলোচনা করে নির্বাচনের তারিখ নির্ধারণ করলে জনগণ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারবে।
তিনি বলেন, বাংলাদেশ এমন একটি দেশ ছয় ঋতুর দেশ। সবসময় এদেশের মানুষ নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি এই সময়ে নির্বাচনে অভ্যস্ত। এসময়ে স্কুল কলেজে পড়াশোনার চাপ কম থাকে এবং আবহাওয়া ভালো থাকে যা নির্বাচনের জন্য উপযোগী থাকে। আর এপ্রিল মাস হচ্ছে বৈশাখ মাস এইসময়ে কালবৈশাখী বলেন আর ঝড় তুফান বলেন এসবের মাস হচ্ছে এপ্রিল। আর এবার ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে রমজান মাস যা পুরো মার্চ মাস পর্যন্ত জুড়ে চলবে এই রমজান। মার্চ মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে ঈদুল ফিতর।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, এপ্রিল মাসের প্রথম সপ্তাহে যেভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন এটি উনারা করতেই পারেন। কিন্তু সাধারণ জনগণ ও দেশের মানুষ দেশের আবহাওয়া দেশের সর্বাধিক সংখ্যক রাজনৈতিক দল কি চিন্তা ভাবনা করে সেটির সঙ্গে সামঞ্জস্য রাখা বুদ্ধিমানের কাজ ছিল, সেটি রাখে নাই। আমার মনে হয় এখানে উনাদের চিন্তার অবকাশ আছে এবং সুচিন্তিতভাবে উনারা বিলম্বিত করছে।
ভোট তো মানুষ দেবে তাই মানুষের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ যদি সৃষ্টি করা যায় এবং সেটা যদি একটা সুন্দর সময় নির্ধারণ করা যায় তাহলে বেশি সংখ্যক মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বলেও মন্তব্য করেন তিনি।
এসময় তার সঙ্গে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিন তিনি সকাল থেকে দিনাজপুর-৬ আসনের হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। তারই অংশ হিসেবে বিকেলে হাকিমপুর উপজেলায় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।