দেশের বিভিন্ন স্থানে দিনাজপুরের পার্বতীপুরের অধ্যায়নরত শিক্ষার্থী ও কর্মরত কর্মকর্তাদের সংগঠন ঢাকাস্থ পার্বতীপুর ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন আশ্রয়ণ প্রকল্পের দরিদ্র ৭৫ পরিবারের জন্য কোরবানি দিয়েছে।
আজ রবিবার (৮ জুন) বিকেলে সংগঠনের উদ্যোগে প্রতি বছরের মতো এবারের ঈদুল আজহা উপলক্ষে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কালিকাবাড়ী ডাঙ্গাপাড়া ফোঁটামারী ডাঙা আশ্রয়ণ প্রকল্পের এতিম, গরিব, অসহায়, দুস্থ, দরিদ্র পরিবারের মাঝে দেড় কেজি করে কোরবানির গরুর মাংস ও ছাগলের ৩০০ গ্রাম মাংস দেওয়া হয়। সংগঠনের সদস্যদের উপস্থিতিতে গরু ও ছাগল কোরবানি সম্পন্ন করা হয়।
ফোটামারি আশ্রয়ণের বাসিন্দারা জানান, আগোত হামার অ্যাটে কোনদিনও গরু ও বকরি জবাই হয় নাই। এটাই পহেলা যে হামার জন্যে পার্বতীপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করছে। হারা দোয়া আল্লাহ ওমাক ভালো থুক।
পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাদ্দাম হোসেন বলেন, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগকে স্বাগত জানাই। এ ধরনের মানবিক কাজে সমাজের বিত্তবান এগিয়ে আসার আহ্বান জানান।
পার্বতীপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সংগঠনের সাধারণ সম্পাদক তারিকুল আলম বলেন, উৎসব ও পার্বনে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আমরা পার্বতীপুরবাসীর পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সামাজিক কর্মকাণ্ডেও আমরা জোরালো ভূমিকা রাখার চেষ্টা করি। এরই অংশ হিসেবে ঈদের দ্বিতীয় দিন আমরা কোরবানি দিয়েছি শুধু ঐ আশ্রয়ণ প্রকল্পের দরিদ্র মানুষদের জন্য। এবার ৭৫টি পরিবারে দেড় কেজি গরুর মাংস ও ছগলে ৩০০ গ্রাম করে মাংস বিতরণ করেছি।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা সড়ক ও জনপথ নির্বাহী প্রকৌশলী মো. সাজিদুর রহমান সাজিদ, শিক্ষক রেজওয়ান আহমেদ সংগ্রাম, সংগঠক নুরুল হুদা বাবু, হক ফ্যামিলি মার্টের স্বত্বাধিকারী মিথুন হক, প্রকৌশলী রুবার কবি রূপক, গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক মো. জহির ইমাম, রূপপুর এনপিপি ট্রেনিং সেন্টার হেড অফ ও নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড শাহিনুর ইসলাম, তানভীর আহমেদ রানা ও মাসুম কবির বুলেট প্রমুখ।