ফের করোনার সংক্রমণ: শাহ আমানত বিমানবন্দরে সতর্কতা

ভারতসহ বিভিন্ন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ফের বাড়তে শুরু করায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল।

তিনি জানান, আন্তর্জাতিক ফ্লাইটে আগত যাত্রীদের জন্য ইমিগ্রেশন এলাকায় স্বাস্থ্য পরীক্ষার আলাদা ব্যবস্থা চালু করা হয়েছে। যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপতে বসানো হয়েছে থার্মাল স্ক্যানার।

এছাড়া বিমানবন্দরের যাত্রী ও কর্মীদের জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। স্বাস্থ্যকর্মীদের জন্য যথেষ্ট পরিমাণ মাস্ক ও গ্লাভসের সরবরাহ নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি, যাত্রীদের সচেতন করতে স্বাস্থ্যবিষয়ক দিকনির্দেশনাও প্রচার করা হচ্ছে। 

বিশেষজ্ঞরা বলছেন, ভারতে ছড়িয়ে পড়া করোনার নতুন ধরন ঘই.১.৮.১ এর সংক্রমণ ক্ষমতা বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ২৩ মে পর্যন্ত ২২টি দেশে এ ধরন শনাক্ত হয়েছে ৫১৮ জন রোগীর দেহে। যদিও সংখ্যাটি এখনো তুলনামূলকভাবে কম, তবে গত সপ্তাহের তুলনায় বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২ শতাংশেরও বেশি।

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে পরিস্থিতি আতঙ্কিত হওয়ার মতো নয়, তবে সতর্কতা জরুরি।