২২ দিন ধরে নিখোঁজ তামিমের ছবি নিয়ে জাতীয় সংগীত গাইলেন তপু-হামজারা

রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের সাঁজুরিয়া গ্রামের সপ্তম শ্রেণি পড়ুয়া শিশু আব্দুলাহ ওরফে তামিম। বয়স মাত্র ১৩।  গত ২০ মে সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে শেষবার বের হয় তামিম।

গত ২২ দিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই তামিমের ছবি হাতেই মাঠে প্রবেশ করেন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের বাংলাদেশ অধিনায়ক তপু বর্মন। জাতীয় স্টেডিয়ামে দুই দেশের জাতীয় সংগীত চলাকালীন সময়েও তামিমের ফ্রেম করা ছবিটি হাতে ধরে রেখেছিলেন তপু।

নিখোঁজের ঘটনায় তামিমের পরিবারে নেমে এসেছে গভীর শোক ও উৎকণ্ঠা। ছেলের খোঁজে দিন-রাত প্রহর গুনছেন মা-বাবা। একমাত্র ছেলেকে ফিরে পাওয়ার আশায় সব সম্ভাব্য চেষ্টাই করা হচ্ছে। এবার তাদের পাশে দাঁড়ালেন তপু-হামজারা। চেষ্টা করলেন একটু মানসিক শক্তি জোগাবার।