র্যাংকিংয়ে ২৫ ধাপ এগিয়ে থাকা ভারতকে হারিয়ে চমকে দিয়েছে হংকং। এশিয়ান কাপ বাছাইপর্বে মঙ্গলবার কাওলুনের কাই তাক স্টেডিয়ামে ম্যাচের একমাত্র গোলটি এসেছে যোগ করা সময়ে পেনাল্টি থেকে। হংকংয়ের স্টেফান পেরেইরার শট গোললাইনের ভেতর দিয়ে ঢুকে নিশ্চিত করে স্বাগতিকদের জয়।
মার্চে বাংলাদেশের কাছে সঙ্গে ড্র করতে বাধ্য হয়েছিল ভারত। কদিন আগে এক প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের কাছে হেরেছিল তারা। সেই দলের একাদশে তিনটি পরিবর্তন করেছিলেন ভারতের প্রধান কোচ মানোলো মার্কেজ।
প্রথম ম্যাচে দুই দলই পয়েন্ট হারানোয় এই ম্যাচে তারা ছিল বেশি আক্রমণাত্মক ও আগ্রাসী। শুরু থেকেই ছিল দুই গোলমুখেই আক্রমণ, তবে পরিষ্কার সুযোগ তৈরি হয়নি।
নিয়মিত সময়ের যোগ করা প্রথম মিনিটেই ঘটে ম্যাচের মোড় ঘোরানো ঘটনা। গোলরক্ষক কাইথ একটি পেনাল্টি ফাউল করেন। স্পট কিক থেকে স্টেফান পেরেইরা গোল করলে হংকংয়ের জয় নিশ্চিত হয়।
এই পরাজয়ে দুই ম্যাচে ভারতের সংগ্রহ মাত্র ১ পয়েন্ট, অন্যদিকে হংকং উঠে গেছে ৪ পয়েন্টে।