পবিত্র হজ সম্পন্ন করে সৌদি আরব থেকে প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৬৯ জন হাজি। গতকাল মঙ্গলবার সকাল ১০টা ৫৪ মিনিটে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট ‘এসভি-৩৮০৩’ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ সময় বিমানবন্দরের বোর্ডিং ব্রিজে হাজিদের ফুল দিয়ে স্বাগত জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন হজ ব্যবস্থাপনায় নিয়োজিত বিভিন্ন সংস্থা ও প্রশাসনের প্রতিনিধিরাও।
সৌদির স্থানীয় সময় ভোর ৪টা ১৫ মিনিটে সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটটি ছেড়ে আসে। গতকাল মোট ১২টি ফ্লাইটে দেশে ফেরেন ৪ হাজার ৯০৪ জন হাজি। এই ১২টি ফ্লাইটের মধ্যে ফ্লাইনাসের ছয়টি, সাউদিয়ার পাঁচটি ও বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট রয়েছে। আগামী ১০ জুলাই হজের ফিরতি ফ্লাইট শেষ হবে। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৬ হাজার ৯৫৮ জন হজ পালনের জন্য সৌদি আরব গিয়েছেন। ২২২টি ফিরতি ফ্লাইটে তারা দেশে ফিরবেন।
প্রথম হজ ফ্লাইট ঢাকা থেকে রওনা দেয় গত ২৯ এপ্রিল। এরপর এক মাসের বেশি সময় ধরে মোট ২২০টি হজ ফ্লাইট পরিচালিত হয়। সর্বশেষ ফ্লাইটটি যায় ১ জুন। এসব ফ্লাইট পরিচালনায় অংশ নেয় তিনটি এয়ারলাইনস বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাস। ফিরতি যাত্রার ক্ষেত্রেও প্রতিটি এয়ারলাইনস প্রতিদিন নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা করবে।
ফিরতি হজযাত্রীদের জন্য বিমানবন্দরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যবর্ধক ব্যবস্থা। বেবিচক জানিয়েছে, হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এভসেক দায়িত্ব পালন করছে। ফ্লাইট পৌঁছানোর পর আনসার সদস্যরা হাজিদের স্বাগত জানিয়ে তাদের সঠিক পথে গাইড করবেন। ইমিগ্রেশন পুলিশ ও স্পেশাল ব্রাঞ্চের তত্ত্বাবধানে নির্ধারিত বিশেষ কাউন্টারে সম্পন্ন হবে ইমিগ্রেশন কার্যক্রম, যাতে দ্রুত সেবা নিশ্চিত হয় এবং ভিড় এড়ানো যায়।
হজযাত্রীদের লাগেজ সংগ্রহের জন্য বিমানবন্দরের বেল্ট নম্বর ৫, ৬, ৭ ও ৮ বরাদ্দ রাখা হয়েছে। আনসার সদস্যরা লাগেজ সংগ্রহে সহযোগিতা করবেন। লাগেজ সংগ্রহ শেষে হাজিরা গ্রিন চ্যানেল-২ দিয়ে কাস্টমস অতিক্রম করবেন। এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের তত্ত্বাবধানে জমজমের পানি গ্রহণ করে ক্যানোপি-২ দিয়ে বিমানবন্দর ত্যাগ করবেন।
এ ছাড়া, এপিবিএনের ব্যবস্থাপনায় হাজিদের জন্য নির্ধারিত ড্রাইভওয়ে ব্যবহার করে যানবাহন চলাচলেরও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।