প্রেস সচিব জানালেন

ইউনূস-স্টারমার বৈঠকের সূচি এখনো ঠিক হয়নি

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে লন্ডন সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বৈঠকের কোনো সূচি এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

যদিও আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছিল, আজ বুধবার স্টারমারের সঙ্গে ড. ইউনূসের বৈঠক হতে পারে। পরে শফিকুল আলম বলেন, ‘আমরা যেটা জানতে পেরেছি যে, স্টারমার সম্ভবত কানাডায় আছেন, কানাডা ভিজিট করছেন। ব্রিটিশ এক পার্লামেন্টারি এমপি এসেছিলেন, তিনি জানালেন, উনি (কিয়ার স্টারমার) কানাডায় আছেন।’

এরপরও তারা চেষ্টা করছেন জানিয়ে প্রেস সচিব বলেন, সময় ও শিডিউল ম্যাচ (সূচি মিললে) করলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হতে পারে।

এই সফরে ড. ইউনূস ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে সাক্ষাৎ করবেন এবং রাজা চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা চার দিনের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটের দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি।

বাংলাদেশের যুক্তরাজ্যস্থ হাইকমিশনার আবিদা ইসলাম মঙ্গলবার লন্ডনের হিথ্রো বিমানবন্দরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে স্বাগত জানান।

সফরের প্রথম দিন গতকাল এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়ার্শ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার হোটেলে সাক্ষাৎ করেছেন। এছাড়া দুপুরের পর অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সঙ্গে ও বিকেলে কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র জানায়, তার এই সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। এর পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিতে প্রাধান্য দেবে বাংলাদেশ।

এই বৈঠক নিয়ে সোমবার রাতে আলোচনা হয়েছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে। সেখানে তারেক রহমান নিজেই বৈঠকের বিষয়ে নেতাদের অবহিত করেছেন।