ক্যাটরিনা এখন মালদ্বীপের পর্যটন দূত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর অবমাননাকর মন্তব্যের জেরে ভারত-মালদ্বীপ সম্পর্কে অবনতি ঘটেছিল। তবে গত বছরের অক্টোবরে মুইজ্জুর ভারত সফরের পর দুই দেশের সম্পর্কে ক্রমশ উন্নতি এসেছে।

এরই ধারবাহিকতায় পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা এ দ্বীপ দেশটি তাদের ধুঁকতে থাকা পর্যটনশিল্পকে রক্ষায় ভারতীয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে ‘গ্লোবাল ট্যুরিজম অ্যাম্বাসাডর’ করেছেন।

এক বিবৃতিতে ক্যাটরিনা কাইফ বলেছেন, মালদ্বীপের সৌন্দর্য এবং বিলাসবহুল পর্যটনশিল্পের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত। মালদ্বীপ এমন একটি জায়গা, যেখানে সৌন্দর্য আর শান্তির অপরূপ মেলবন্ধন রয়েছে। ‘সানি সাইড অব লাইফ’ এর মুখ হিসেবে নির্বাচিত হতে পেরে আমি সম্মানিত। বিশ্বব্যাপী পর্যটকদের কাছে এখানকার আকর্ষণীয় লোকেশন এবং ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরতে উদগ্রীব হয়ে রয়েছি।

প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ সফরের পর থেকে তাল কাটে দিল্লি-মালের দ্বিপক্ষীয় সম্পর্কের। মোদিকে নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করেন মালদ্বীপ সরকার। এর ফলে গোটা ভারত জুড়ে শুরু হয় ‘বয়কট মালদ্বীপ’। এই পরিস্থিতিতে চাপ বাড়তে থাকে মালদ্বীপের ওপরে। এরপরই ভারতের সঙ্গে দ্বন্দ্ব মেটাতে তৎপর হন মুইজ্জু। এবার বলিউড অভিনেত্রীকে পর্যটন দূত হিসেবে ঘোষণা করলেন মালদ্বীপ প্রেসিডেন্ট।