গাজায় পাঠানো আটা বেশিরভাগই লুট হয়েছে : জাতিসংঘ

ইসরায়েল তিন সপ্তাহ আগে গাজার ত্রাণ সহায়তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর জাতিসংঘ যতটুকু আটা পাঠাতে পেরেছে, তার বেশিরভাগই ফিলিস্তিনি ছিটমহলটির সশস্ত্র গোষ্ঠী বা ক্ষুধার্ত মানুষেরা লুট করে নিয়েছে বলে জানিয়েছে বিশ্ব সংস্থাটি।

গত সোমবার জাতিসংঘের ডেপুটি মুখপাত্র ফারহান হক সাংবাদিকদের জানান, কেরেম শালোম সীমান্ত ক্রসিং ব্যবহার করে জাতিসংঘ ৪ হাজার ৬০০ টন গমের আটা গাজায় নিয়ে গেছে। তবে এটি প্রয়োজনের তুলনায় অতি সামান্য।

জাতিসংঘকে শুধু কেরেম শালোম সীমান্ত ক্রসিং ব্যবহার করে গাজায় খাদ্য পণ্য নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে ইসরায়েল।

হক জানান, গাজার প্রতিটি পরিবারকে একটি করে আটার ব্যাগ সরবরাহ করে ‘বাজারের ওপর চাপ কমানো এবং জনগণের মাঝে হতাশা প্রশমিত করতে’ হলে সেখানে অন্তত ৮ হাজার থেকে ১০ হাজার টন গমের আটা প্রয়োজন।