মেলান্দহে

গোসলে নেমে শিশু নিখোঁজ, দুই দিন পর ভেসে উঠল মরদেহ

জামালপুরের মেলান্দহে সহপাঠীদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে আফসানা (১০) নামের এক শিশু নিখোঁজ হওয়ার দুইদিন পর মরদেহ ভেসে উঠেছে। বুধবার (১১ জুন) দুপুরের দিকে উপজেলার কুলিয়া ইউনিয়নের সাদিপাটি এলাকার আলাই নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে গত সোমবার ইসলামপুর উপজেলার জাফরশাহী পচাবহলা এলাকার আলাই নদীতে নিখোঁজ হয়। নিহত শিশু আফসানা ইসলামপুর উপজেলার পচাবহলা ইউনিয়নে পচবহলা জাফরশাহী এলাকার আনোয়ার হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে শিশু আফসানা তার কয়েকজন সহপাঠীদের সঙ্গে নদীতে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে নদীর পানির স্রোতে নিখোঁজ হয় সে। পরে তার নিখোঁজের বিষয়টি বুঝতে পেরে খোঁজাখুঁজি শুরু করেন এবং স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল আসেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে উদ্ধার অভিযান বন্ধ করে দেন। নিখোঁজের দুইদিন পরে মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের সাদিপাটি এলাকার আলাই নদীতে মরদেহ ভেসে থাকতে দেখেন। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিখোঁজ হওয়ার দুইদিন পরে মরদেহ নদীতে ভেসে ওঠে। সে সহপাঠীদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিল।