জামালপুরের মেলান্দহ উপজেলার আলোচিত রিপন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই তারিকুল ইসলাম হিমনের বিরুদ্ধে তদন্তে গাফিলতি ও আপসের জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত রিপনের বাবা মোজাম্মেল হক পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। রবিবার (১২এপ্রিল) দুপুরের দিকে জামালপুর পুলিশ সুপার কার্যালয়ে তিনি এ অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত বছরের ৬ সেপ্টেম্বর তাঁর ছেলে রিপন মিয়াকে বাড়ি থেকে ডেকে চুরির অপবাদ দিয়ে বাড়িতে গাছে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার দিন থানায় মামলা নিতে গেলে পুলিশ তা নেয়নি। পরে গ্রাম পুলিশকে বাদী করে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা নেন পুলিশ। এরপর তিনি আদালতে আরেকটি মামলা করলে আদালত তদন্তের নির্দেশ দেন। তবে তদন্ত কর্মকর্তা তা স্থগিত করেন। আট মাসেও তদন্তে অগ্রগতি না হয়নি, উল্টো আপসের চাপ ও আসামীদের সঙ্গে সখ্যতার অভিযোগ তোলা হয়েছে। এ ছাড়া আদালতে হাজিরার দিনে এসআই হিমনের আসামীদের সঙ্গে গোপন বৈঠক করার সময়ে ছবি তুলে ফেললে বিষয়টি তিনি টের পেয়ে মোবাইল ফোন কেড়ে নিয়ে নেওয়ার ঘটনাও উল্লেখ করা হয়েছে।
মোজ্জাম্মেল হক অভিযোগ করেন, তদন্ত কর্মকর্তা এসআই হিমন মামলার কার্যক্রম স্থগিত করে আপসের চাপ দিচ্ছেন ও ঘুষ নিয়ে তদন্তে গড়িমসি করছেন। এছাড়া আসামীদের নিয়ে গোপন বৈঠকের ছবি তুলে ফেলায় মোবাইল কেড়ে নিয়ে সব তথ্য মুছে ফেলে মোবাইল ফেরত দেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. তারিকুল ইসলাম হিমন বলেন, মামলার তদন্ত চলমান রয়েছে। যে কেউ অভিযোগ করতে পারে। মোবাইল কেড়ে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। এ বিষয়ে পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
